ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় ঘটনাটি নিশ্চিত করেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি এই শিল্পীর সঙ্গে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ পরীমণি, সাফা কবির, জাকিয়া বারী মম ও মৌসুমী হামিদের মতো শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “কয়েকটি কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না।”
অভিনেত্রী সাফা কবির তাঁর ফেসবুকে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আজমেরী হক বাঁধন আপু ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের দেশ ও চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা—অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।” শিল্পীদের বারবার রাজনৈতিক টানাপোড়েনের শিকার করা হচ্ছে উল্লেখ করে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সার্বিক ব্যবস্থার সমালোচনা করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি লেখেন, “এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়—সেটা ৩২ নম্বরে হোক আর ভেনিসে।” বর্তমানে কারো ওপর হামলার প্রতিশোধ হিসেবে অন্য কারো ওপর আক্রমণ চালানোকে নীতিহীন মন্তব্য করে তিনি বলেন, “শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধুমাত্র দল দিয়ে বিচার করা শিখছি।”
দেশজুড়ে শিল্পীদের ওপর ধারাবাহিক আক্রমণ ও ভেনিসের ঘটনার প্রেক্ষাপট টেনে আশঙ্কাজনক মন্তব্য করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সংহতি জানিয়ে তিনি বলেন, “এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।”
ভেনিসের মাটিতে বাঁধনের মতো আন্তর্জাতিক মানের একজন অভিনয়শিল্পীকে হেনস্তার ঘটনা দেশের বিনোদন অঙ্গনে চরম হতাশা ও উদ্বেগের সৃষ্টি করেছে। তারকারা একযোগে এই ঘটনার পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।