দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। ব্রেন টিউমার ধরা পড়ার পর গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। এরপর চিকিৎসার অংশ হিসেবে দ্বিতীয় দফায় করা হয় ভারতে।
নির্মাতা চয়নিকা চৌধুরী এই অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে তার সুস্থতা কামনা করেছেন এবং জানিয়েছেন, বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।
এরপর নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ছয়টার দিকে তিনি লিখেছেন, ‘অপারেশন+ লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ তবে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি।
তানিয়া বৃষ্টির এই পোস্টে অভিনেত্রীর আরোগ্য কামনা করে অনেকেই মন্তব্য করেছেন। অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘ইনশা আল্লাহ, তুমি সুস্থ হয়ে উঠবে। অনেক দোয়া রইলো তোমার জন্য।’ অভিনেতা ও নির্মাতা রওনক হাসান লিখেছেন, ‘অনেক অনেক দোয়া।’
জানা গেছে, চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে গত ৯ মার্চ তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। মোট ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তানিয়া বৃষ্টিকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং সুস্থতার জন্য সতর্ক থাকতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে।
গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেয়া হয়।