ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু যুক্ত হলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে চুক্তিভিত্তিক এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এদিকে, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু (আসল নাম চৌধুরী মাজহার আলী)। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের শর্তানুযায়ী তাকে এই পদটি ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি এই অভিনেতা। বেশ কিছুদিন ধরে অভিনয়ে কিছুটা অনিয়মিত থেকে রাজনীতি ও সাংগঠনিক কাজেই বেশি সময় দিচ্ছেন তিনি।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শিবা শানুর। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমা দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন এই অভিনেতা।