শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলার ধারাবাহিকতায় এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও ছোটপর্দার অভিনয়শিল্পী সামিরা খান মাহি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সামিরাকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ ঘোষণা করা হয়। বিজয়ী হিসেবে মাহির নাম ঘোষণার পর বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। অনুষ্ঠানে মাহির পরনে ছিল ভারী পাথরের কাজ করা শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড অফ-শোল্ডার গাউন। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হবেন মাহি, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালে ৭৪তম আসরে তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা ৩০-এ জায়গা করে নেন, যা মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি তিনি ‘পিপলস চয়েস’ বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছিলেন।
বিশ্বমঞ্চে অংশ নেওয়ার প্রস্তুতি প্রসঙ্গে মাহি জানান, বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছেন। কস্টিউম ও স্টাইলিং থেকে শুরু করে প্রতিযোগিতার নানা কৌশল শেখাতে মিথিলা তাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন বলে জানান মাহি।