নেপালে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) ও ভূকম্পনের কারণে তৈরি হওয়া দুর্যোগময় পরিস্থিতিতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং তাঁর নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট সম্পূর্ণ সুরক্ষিত ও সুস্থ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই স্বস্তির খবর নিশ্চিত করেন অভিনেত্রী।
ফেসবুক পেজের সেই পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।’
স্রষ্টার প্রতি শুকরিয়া জানিয়ে অপু বিশ্বাস আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে হঠাৎ ধেয়ে আসা আকস্মিক বন্যায় বেশ কিছু গ্রাম ও প্রকল্প এলাকা ভেসে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন শতধিক ভারতীয়সহ কয়েক শ পর্যটক। বর্তমানে দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল তৎপর রয়েছে।