একটি চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে শুধু অভিনয় বা সংলাপই যথেষ্ট নয়। পোশাক, রঙের ব্যবহার, মেকআপ, চুলের বিন্যাস এবং ছোট ছোট অনুষঙ্গও চরিত্রের ব্যক্তিত্ব ও মানসিক অবস্থাকে ফুটিয়ে তোলে। এ কারণেই বিশ্ব চলচ্চিত্রে কস্টিউম ও লুক ডিজাইন এখন গল্প বলার গুরুত্বপূর্ণ একটি শিল্পমাধ্যম। বাংলাদেশেও এ ক্ষেত্রটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে, আর সেই ধারার পরিচিত মুখদের একজন ফারজানা এ্যানি।
সাম্প্রতিক বছরগুলোতে ঈদসহ বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া সিনেমা ও ওয়েব সিরিজে ভিজ্যুয়াল উপস্থাপনায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। চরিত্র নির্মাণে এখন গুরুত্ব পাচ্ছে লুক ডেভেলপমেন্ট, কস্টিউম রিসার্চ এবং মুড বোর্ড। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ ফারজানা এ্যানির লুক ডিজাইন দর্শকদের প্রশংসা পেয়েছে। বিশেষ করে মেহেজাবিন চৌধুরী, আরেফিন জিলানী ও প্রীতমের চরিত্রে ছিল স্বতন্ত্র ও ভিন্নধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনা।
ফারজানা এ্যানির মতে, একজন লুক ডিজাইনারের দায়িত্ব শুধু শিল্পীকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা নয়; বরং চরিত্রের ভেতরের গল্পকে দৃশ্যমান করে তোলা। দর্শক যেন চরিত্রটিকে দেখেই তার জীবনধারা, মানসিক অবস্থা ও অবস্থান সম্পর্কে ধারণা পান, সে লক্ষ্যেই প্রতিটি চরিত্রের জন্য আলাদা মুড বোর্ড তৈরি করা হয়। গথিক নান্দনিকতা, ডার্ক কালার প্যালেট, সমসাময়িক কে-পপ স্টাইল এবং আধুনিক ফ্যাশনের বিভিন্ন উপাদান মিলিয়ে গড়ে তোলা হয় চরিত্রগুলোর স্বতন্ত্র লুক।
তবে এই পুরো প্রক্রিয়া সহজ নয়। একটি পোশাক বাস্তবে যেমন দেখায়, ক্যামেরার আলো, ফ্রেম ও কালার গ্রেডিংয়ের কারণে পর্দায় তার রূপ ভিন্ন হতে পারে। তাই পরিচালক, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট এবং কস্টিউম টিমের সমন্বয়ে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে প্রতিটি চরিত্রের চূড়ান্ত লুক নির্ধারণ করা হয়।
কাজের স্বীকৃতি হিসেবে ফারজানা এ্যানি চরকি অ্যাওয়ার্ডসে ‘মাইশেলফ এ্যালেন স্বপন’ ও ‘ওভারট্রাম্প’ সিরিজের জন্য ক্রিটিকস চয়েজ বিভাগে সেরা কস্টিউম ডিজাইনার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি বাইফা (BIFA) অ্যাওয়ার্ডস ২০২৫-এ বেস্ট কস্টিউম ডিজাইনার সম্মাননা অর্জন করেছেন। তাঁর মতে, এসব অর্জন সৃজনশীল কাজের প্রতি আরো অনুপ্রেরণা জুগিয়েছে।
ব্যক্তিগত জীবনেও তিনি বিশ্বাস করেন, ফ্যাশনের সবচেয়ে বড় সৌন্দর্য তার স্বকীয়তায়। আর পেশাগত কাজে তিনি নতুন ভাবনা, নতুন টেক্সচার এবং গবেষণাভিত্তিক আন্তর্জাতিক মানের লুক ডিজাইন নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে যেতে চান।
বাংলাদেশে লুক ডিজাইনের যে নতুন ধারা গড়ে উঠছে, তার নেপথ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফারজানা এ্যানির মতো সৃজনশীল শিল্পীরা। পর্দায় দর্শক যে চরিত্র দেখে মুগ্ধ হন, তার বড় একটি অংশ নির্মিত হয় ক্যামেরার আড়ালে, একজন কস্টিউম ও লুক ডিজাইনারের সূক্ষ্ম ও সৃজনশীল পরিকল্পনায়।