সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনদের অনেকে প্রতিবাদ করছেন।
এতদিন চুপ থাকলেও এবার ব্রাহ্মণবাড়িয়ার ওই ঘটনায় মুখ খুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। যদিও ফারুকী তার পোস্টে ‘বনলতা এক্সপ্রেস’র নাম উল্লেখ করেনি, তবে এটা স্পষ্ট- তিনি এ বিষয়টি নিয়েই কথা বলেছেন।
আজ মঙ্গলবার (২ জুন) এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম। যাই হোক, এটা একটা ফ্রিন্জ ইলেমেন্ট হইলেও এসব প্রশ্রয় দেওয়া উচিত না। কারও কাছে সিনেমা হারাম মনে হইলে সে দেখবে না। কিন্তু মুশকিল হইলো তার অপছন্দ যখন সে অন্যের ওপর চাপাইয়া বলতে চায় “তুমিও সিনেমা দেখতে পারবা না”!’
তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের ধর্মীয় ক্যাম্পের মানুষ এইরকম উদ্ভট আচরণ করার মধ্যদিয়ে দেশকে বিতর্কিত করে, এমন কি তার ধর্মকেও বিতর্কিত করে। টেলিভিশন ছবিতে এই জিনিস ডিল করছিলাম ১৩ বছর আগে। ১৩ বছর পরে আইসা এই জিনিস শুনলে বিরক্ত লাগে।’
তার কথায়, ‘বাই দ্য ওয়ে, এটার জন্য সংস্কৃতিমন্ত্রীর কাছে সবাই ব্যাখ্যা চাইছে। বেচারা নিতাই বাবুর (নিতাই রায় চৌধুরী) হাতে যে সিনেমা নাই এটা অনেক ইনফর্মড লোকও জানে না। তবে তারা কমন সেন্স থেকে যে কালচারাল মিনিস্ট্রিকে অ্যাড্রেস করছে- এটা যথাযথ।’
সবশেষে ফারুকী লিখেছেন, ‘এর আগেও বলছি, আমার নোট টু সাকসেসরেও বলছি, সিনেমা-ওটিটি-বিনোদন টিভি কোনোমতেই তথ্যে থাকা উচিত না। ইন্ডিয়া বাদে দুনিয়ার বেশিরভাগ দেশেই এটা কালচারেরই পার্ট। দ্রুত অ্যালোকেশন অব বিজনেসে পরিবর্তন আনা উচিত।’