বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নবনির্বাচিত (২০২৬-২০২৮) কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আশির দশকের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী নূতন। গত সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা এবং এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
সম্মাননা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে নূতন বলেন, “আমাকে এভাবে সম্মানিত করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি ভীষণ পুলকিত। বিশেষ করে শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করাটা আমার জন্য ভীষণ আনন্দের। তাই মঞ্চেই তাঁর পা ছুঁয়ে সালাম করে গভীর শ্রদ্ধা জানিয়েছি।”
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে নজর কেড়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনুভূতি ব্যক্ত করে পূর্ণিমা বলেন, “এমন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিশেষ করে আমাদের সবার প্রিয় লিজেন্ডারি অভিনেত্রী নূতন ম্যামকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে—সেই মুহূর্তের সাক্ষী হতে পেরে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমি গর্বিত। এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন মেয়াদের কমিটিতে উপদেষ্টার দায়িত্বে আছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফ খান (কালু) দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি সালাম রিজভী ও ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধ্যক্ষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব), প্রচার ও দপ্তর সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সজীব মাহমুদ মাইকেল, ইভান শাহরিয়ার সোহাগ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্মভাবে) রোহান ও বিল্লাল। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জসিমউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল এবং অপু-বিল্লাল।