জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকের আস্থা অর্জন করেছেন। রোমান্টিক ও পারিবারিক গল্পভিত্তিক নাটকে তার উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। এবার আসন্ন ঈদে প্রচারের জন্য নির্মিত ‘সিঙ্গেল ফাদার’ নাটকে অভিনয় করছেন নিলয় আলমগীর।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহিন খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সুমাইয়া অর্পা। অর্পার অভিনয়যাত্রা শুরু হয় ২০২২ সালে। মিফতাহ আনান পরিচালিত ‘ঢাকাইয়া ওয়েডিং’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। এরপর একে একে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।
নিলয়ের সঙ্গে অর্পার প্রথম কাজ ছিল মুহিন খানের পরিচালনায় ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’ নাটকে। এরপর আরো ১৫টির বেশি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। অর্পার ভাষ্য অনুযায়ী, এসব নাটকের বেশিরভাগই তিনি সেকেন্ড লিড চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন।
সিঙ্গেল ফাদার নাটকে নিলয় ও অর্পার মধ্যে প্রেমের আবহে গড়ে ওঠা একটি সম্পর্কের গল্প দেখা যাবে। অর্পার মতে, নিলয় আলমগীর একজন সহযোগিতাপরায়ণ ও গুণী অভিনেতা। অভিনয়ের শুরু থেকেই তার সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্য বলে মনে করেন।
একইসঙ্গে সুন্দর একটি গল্পে কাজের সুযোগ দেওয়ার জন্য নির্মাতা মুহিন খানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। ফরিদপুরের মেয়ে সুমাইয়া অর্পা বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষে অধ্যয়নরত। ভালো গল্পের সিনেমায় অভিনয়ের আগ্রহ রয়েছে তার।
এ মুহূর্তে অরণ্য আনোয়ার পরিচালিত ‘নোয়াখালী এক্সপ্রেস’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি, যা গ্লোবাল টিভিতে প্রচার হচ্ছে। এছাড়া আসন্ন ঈদের জন্য মুহিন খানের পরিচালনায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘আমার সুন্দরী শালীরা’ নাটকেও অভিনয় করেছেন অর্পা।