পর্দার জনপ্রিয় ও আলোচিত জুটি ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনী। ব্যক্তিগত সম্পর্কের নানান গুঞ্জন পেছনে ফেলে পেশাদারি বজায় রাখা এই জুটিকে বেশ কিছু দিন একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তবে সব বিরতি কাটিয়ে অন্তর্জালে মুক্তি পেয়েছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’। আর পর্দায় ফিরেই দর্শকের ইতিবাচক সাড়ায় ভেসে যাচ্ছেন এই দুই তারকা।
গত শুক্রবার, ৪ সেপ্টেম্বর ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। প্রকাশের মাত্র এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ২৫ লাখ অতিক্রম করেছে। পাশাপাশি কমেন্ট বক্সে জমা পড়েছে দুই হাজারের বেশি মন্তব্য, যার বড় একটি অংশ জুটির চমৎকার রসায়ন ও অভিনয়ের প্রশংসা।
‘কাবিননামা’ নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইমরাউল রাফাত, পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। নাটকে ইয়াশ ও তটিনী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা ও মুহিত তমালসহ আরও অনেকে।
দীর্ঘদিন পর ইয়াশ-তটিনী জুটিকে আবারও পর্দায় দেখতে পেয়ে দর্শকেরা নিজেদের ভালোলাগার কথা প্রকাশ করছেন। অন্তর্জালে নাটকটির এ সাফল্যই জানান দিচ্ছে, এই জুটির প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে।