হাস্যরস, পারিবারিক সম্পর্ক ও বাস্তব জীবনের বার্তা নিয়ে নাট্যনির্মাতা মিতুল খান এবং কথাসাহিত্যিক-নাট্যকার ফরিদুল ইসলাম নির্জনের জুটির নতুন একক নাটক ‘কোটি টাকার বউ’ ।
হাস্যরস, পারিবারিক টানাপোড়েন এবং জীবনের নানা বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত নাটকটি আগামীকাল বুধবার দুপুর ২টায় মুক্তি পাবে পিকক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়শিল্পীদের সমন্বয়ে দর্শকদের জন্য একটি ব্যতিক্রমধর্মী বিনোদনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিনোদনের পাশাপাশি সমাজ ও পারিবারিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিকও নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা মিতুল খান। আর সংলাপ রচনা করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন।
নাটকটি প্রসঙ্গে পরিচালক মিতুল খান বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি এমন একটি গল্প দর্শকদের সামনে উপস্থাপন করতে, যেখানে বিনোদনের পাশাপাশি কিছু ইতিবাচক বার্তাও থাকবে। আমরা প্রায়ই দেখি, অর্থ ও সামাজিক অবস্থানকে কেন্দ্র করে মানুষের সম্পর্কের মধ্যে নানা ধরনের জটিলতা তৈরি হয়। সেই বিষয়গুলোকে হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
তিনি আরো বলেন, ‘নাটকটির প্রতিটি চরিত্র গল্পের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। শিল্পীরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ফলে একটি প্রাণবন্ত ও উপভোগ্য নাটক নির্মাণ সম্ভব হয়েছে।’
অন্যদিকে নাটকটির সংলাপ রচয়িতা ফরিদুল ইসলাম নির্জন বলেন, ‘মিতুল খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই আনন্দের। একজন লেখক হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গল্পের আবেগ, বক্তব্য ও বিনোদনমূল্য যেন পর্দায় সঠিকভাবে ফুটে ওঠে। মিতুল সেই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। নাটকটির গল্পে যেমন হাসির খোরাক রয়েছে, তেমনি রয়েছে জীবনের কিছু বাস্তব শিক্ষা। দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাওয়ার পাশাপাশি নিজেদের জীবন ও সম্পর্ক নিয়েও নতুনভাবে ভাবতে পারবেন বলে আমার বিশ্বাস।’
নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীলয় আলমগীর, পাভেল, সামিরা খান মাহী, মাছুম বাসার, চিত্রলেখা গুহসহ আরো অনেক গুণী শিল্পী। তাদের প্রাণবন্ত অভিনয় নাটকটিকে আরো সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন নির্মাতা। বর্তমান সময়ে ইউটিউবভিত্তিক নাটকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখে নির্মিত ‘কোটি টাকার বউ’ নাটকটিও বিনোদনপ্রেমীদের জন্য একটি বিশেষ উপহার হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।