ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীম পরিচালিত সিরিজটি আগামী ২৫ জুন মুক্তি পাবে। গত শুক্রবার সকালে হইচই বাংলাদেশের সকল সামাজিকমাধ্যম থেকে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার।
সেখানে দেখা যাচ্ছে ব্ল্যাক টাক্সিডো আর বো-টাই পরিহিত জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে। তাদের চোখেমুখে এক গভীর তীক্ষ্ণতা। কোনো এক গোপন সত্য উদঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। এই দুইজন যেন পুরনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসছেন। যা ইঙ্গিত দেয়, তারা কোনো চাপা পড়া চাঞ্চল্যকর সংবাদের গভীরে প্রবেশ করছেন। চারপাশের পুরনো খবরের কাগজের উপস্থিতি সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহকে আরও জোরালো করেছে।
পুরো পোস্টার জুড়ে থাকা গাঢ় রঙ ও রহস্যময় দৃষ্টি এক ধরনের কৌতূহল তৈরি করে। আসলে কোন খবর বা কোন হেডলাইন-এর পেছনে তারা ছুটছে তা জানা যাবে ২৫ জুন। সিরিজে অপূর্ব-ইয়াশের সাথে অভিনয় করতে দেখা যাবে আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক।
সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের আমরা ঠিক সেই ধরণের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।