প্রেক্ষাগৃহে ব্যাপক আলোচনার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেল রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’। ঢাকার শহুরে জীবনে নারীর ব্যক্তিগত, সামাজিক ও মানসিক চাপের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
‘প্রেশার কুকার’-এ উঠে এসেছে ঢাকার চার নারীর জীবন, তাদের সংগ্রাম, সম্পর্ক, সংকট এবং প্রতিদিনের নানা চাপের গল্প। ভিন্ন ভিন্ন বাস্তবতা থেকে আসা এই চার নারীর জীবনকে একটি আন্তঃসংযুক্ত গল্পের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।
সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া হোসাইন শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রিজভী রিজু, ফারিহা শামস সেঁউতি, ফাইযুল ইয়ামিন ও প্রান্তর দস্তিদার। সিনেমাটিতে বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
প্রচলিত গতানুগতিক বা নায়ককেন্দ্রিক ধারা থেকে সরে এসে একদম ভিন্নধর্মী একটি থ্রিলার এবং জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা উপহার দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা। সিনেমাটির ওটিটি মুক্তি নিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, “‘প্রেশার কুকার’-এর মাধ্যমে আমি দর্শকদের কাছ থেকে অন্যরকম ভালোবাসা পেয়েছি। সিনেমাটি হলে মুক্তির পর থেকেই দেশের বাইরের অনেক দর্শক জানতে চেয়েছেন কবে এটি ওটিটিতে আসবে। ফাইনালি হইচইতে মুক্তি পেল। আশা করি সবার ভালো লাগবে।”
অভিনেত্রী নাজিফা তুষি বলেন, “‘প্রেশার কুকার’ আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। গল্প ও চরিত্রের ভিন্নতা আমাকে শুরু থেকেই আকৃষ্ট করেছিল। সিনেমাটি হইচই-তে মুক্তি পাওয়ায় আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হলো। আশা করি দর্শকরা গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।”
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, হইচইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
দুই ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের এই ক্রাইম-ড্রামা ধারার সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রায়হান রাফী, মেহেদি হাসান মুন ও সিয়াম সামস তুষ্ট। সিনেমাটোগ্রাফিতে ছিলেন জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সম্পাদনা করেছেন সিমিত রয় অন্তর। মিউজিক করেছেন জাহিদ নীরব, আরাফাত মহসিন, তানভীর আহমেদ ও ইমন চৌধুরী বিজয়া। পোশাক পরিকল্পনায় রত্নাবলি বড়ুয়া, রঙ বিন্যাসে দেবজ্যোতি ঘোষ, শব্দ পরিকল্পনায় রিপন নাথ এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে ছিলেন রুসলান রেহমান। শিল্প নির্দেশনায় নাসিব খান এবং মেক-আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মাহবুব রহমান মানিক।
৮ অক্টোবর থেকে বিশ্বব্যাপী দর্শকরা হইচই-তে উপভোগ করতে পারছেন ‘প্রেশার কুকার’।