ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মাননা ছিনিয়ে নেয় ছবিটি। চলচ্চিত্রটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরস্কার জয়ের খবর জানিয়ে রেজওয়ান শাহরিয়ার সুমিত লেখেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমার সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।‘ এর পাশাপাশি বিচারকমণ্ডলী ও পুরো টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।
চলচ্চিত্রটির জুরি বোর্ডে দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা-পরিচালক মিকেলে রিওনদিনো। সিনেমাটির ভূয়সী প্রশংসা করে জুরি বোর্ড তাদের অফিসিয়াল বক্তব্যে জানায়, গল্পটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও বর্তমান বিশ্বে গণতন্ত্রের নানামুখী সংকট এটিতে অসাধারণভাবে ফুটে উঠেছে। ছবিতে একজন আদর্শবান শিক্ষকের গল্পের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে ব্যক্তিস্বার্থকেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থার জটিলতায় সততা ও আদর্শকে দুর্নীতির কাছে হার মানতে হয়।
এমন আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘এই পুরস্কার আমাদের জন্য ভীষণ আনন্দ ও গর্বের। ‘মাস্টার’ শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সময়, সমাজ ও মানুষের নানা সংকটের কথা বলে। আশা করি, এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।‘
উল্লেখ্য, উৎসবের এই আসরে বিশ্ব চলচ্চিত্রের দুই প্রখ্যাত ব্যক্তিত্ব নান্নি মোরেত্তি এবং জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন তাঁর নতুন সিনেমার জন্য ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’ লাভ করেন।
‘মাস্টার’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলমসহ অনেকে।