পহেলা বৈশাখকে ঘিরে দুটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। তারা পরিবেশন করবে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান।
চিরকুট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড, যারা রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজেদের আলাদা স্টাইল তৈরি করেছে। এছাড়াও দেশ-বিদেশের বহু মঞ্চে পারফর্ম করে তারা বাংলা ব্যান্ড সংগীতকে নতুনভাবে পরিচিত করেছে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে।
আগামীকাল বৈশাখের প্রথম দিন, মঙ্গলবার ব্যান্ডটি পারফর্ম করবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এরমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কনসার্ট থাকছে বিকেল ৩টায়, আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন।
অন্যদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট-এর আমন্ত্রণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সকাল ১১টায় রয়েছে কনসার্ট। শুধু তাই নয়, এর পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।
চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমীর ভাষ্যে, ব্যান্ডটি সবসময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। তিনি বলেন, ‘তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।’