হোম > ফিচার > ক্যাম্পাস

বিশ্ব হিজাব দিবস: ১২০০ শিক্ষার্থীর মাঝে ডাকসুর হিজাব বিতরণ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ছবি: আমার দেশ।

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘হিজাব: সিম্বল অব প্রাইড অ্যান্ড ফ্রিডম’ শীর্ষক সেমিনার, হিজাব র‍্যালি ও মানববন্ধন।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিজাব আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’ এবং ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা আড়াইটার পর টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হিজাব কেবল একটি পোশাক নয়; এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত মা ও বোনদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে হিজাবি নারীদের প্রতি অবমাননাকর আচরণ ও হয়রানির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিকেল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘হিজাব: সিম্বল অব প্রাইড অ্যান্ড ফ্রিডম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন।

সেমিনারে বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা বলেন, হিজাব নারীর মর্যাদা, পরিচয় ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক। সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় অধিকার রক্ষায় হিজাবের গুরুত্ব অপরিসীম বলেও তারা উল্লেখ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, রাষ্ট্রবিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার জেন্ডার গবেষণা ফেলো সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা।

ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন।

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করে ডাকসু।

১০০ দিনে শতাধিক কাজ করেছে রাকসু

জবিতে কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnUGAN’-এর উদ্বোধন

জামায়াত আমিরের নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে জবিতে প্রতিবাদ সমাবেশ

ঢাবিতে আন্তঃধর্মীয় সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি নোটিশ

‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে: বাকৃবি উপাচার্য

রাবিতে বসেছে পাখিমেলা, প্রাণহীন দেহে প্রাণের উপস্থিতি

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল-ছাত্রশিবিরের তথ্যসেবা

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল