হোম > ফিচার > স্বাস্থ্য

নার্সদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন

আন্তর্জাতিক নার্সেস ডে-২০২৬

এন আই মানিক

গতকাল মঙ্গলবার (১২ মে) ছিল আন্তর্জাতিক নার্স দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে নার্সদের অবদান, ত্যাগ ও মানবসেবাকে সম্মান জানাতে দিবসটি পালন করা হয়। আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে দিনটি উদযাপন করা হয়। একজন রোগীর চিকিৎসা ও সুস্থতার পথে নার্সরা সবসময় সামনের সারিতে থেকে কাজ করেন। হাসপাতাল, ক্লিনিক কিংবা জরুরি পরিস্থিতিতে রোগীর পাশে থেকে তারা নিরলস সেবা দেন। তাই এই বিশেষ দিনটি তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রতিবছরের মতো এবারও দিবসটির প্রতিপাদ্য ছিল—‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।’

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কথা হয় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই দিনে আমাদের প্রত্যাশা হলো নার্সদের জন্য সম্মানজনক বেতন-কাঠামো নিশ্চিত করা। পাশাপাশি সরাসরি বিএসসি নার্সিং ডিগ্রিধারীদের নিয়োগের সময় অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট, মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য দুটি এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য তিনটি বিশেষ ইনক্রিমেন্ট দেওয়া প্রয়োজন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সনদকে স্নাতক (পাস) সমমান প্রদান এবং বিএসসি নার্সিং পাস নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করাও অত্যন্ত জরুরি। অন্যথায় নার্সিং শিক্ষার্থীদের সংখ্যা কমতে থাকবে এবং এ পেশায় আসতে তারা আগ্রহ হারাবে।’

এছাড়া নার্সিং শিক্ষার আধুনিকায়ন নিয়ে তিনি আরো বলেন, ‘স্বতন্ত্র নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাসহ সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদে ডিন হিসেবে উচ্চশিক্ষিত নার্সদের নিয়োগ/পদোন্নতি/পদায়ন করা আবশ্যক। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব-সেন্টারে কমিউনিটি হেলথ নার্স এবং শিক্ষাপ্রতিষ্ঠানগলোয় স্কুল হেলথ নার্সের পদ সৃজন করে নিয়োগ/পদায়ন অত্যাবশ্যক’—এমনটাই জানান ড. মো. শরিফুল ইসলাম।

এই দিনে ঢাকাসহ সারা দেশের হাসপাতাল ও নার্সিং কলেজগুলো আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে। রাজধানীর পান্থপথে সকাল ৯টায় একটি র‌্যালি বের করতে দেখা যায় ইউনিহেলথ নার্সিং কলেজের শিক্ষার্থীদের। কলেজটির পরিচালক বাহার উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, দক্ষ নার্সই একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার মূল স্তম্ভ। তাই আমাদের প্রতিটি কার্যক্রম আধুনিক ল্যাব, অভিজ্ঞ শিক্ষক এবং হাসপাতালভিত্তিক প্রশিক্ষণের সমন্বয়ে পরিকল্পিত হয়েছে।’

কলেজটির প্রিন্সিপাল আরতি রানী বাড়ৈ বলেন, ‘নার্সিং একটি মহৎ ও মানবসেবামূলক পেশা, যেখানে রোগীর সেবা ও যত্নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। একজন নার্স শুধু চিকিৎসকের সহকারী নন, তিনি রোগীর সাহস, ভরসা ও মানসিক শক্তির উৎস।’

কথা হয় ইউনিহেলথ নার্সিং কলেজের শিক্ষার্থী রাহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল অসুস্থ ও অসহায় মানুষের সেবা করতে আগ্রহী ছিলেন।

ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। নিজের প্রচেষ্টায় হাসপাতালের পরিবেশ উন্নত করেন এবং রোগীদের নিয়মিত সেবা দেন। রাতে হাতে বাতি নিয়ে রোগীদের খোঁজখবর নিতেন বলে তাকে ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ বলা হতো।

কলেজটির আরেক শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, ‘সমাজে নার্সদের অবদানকে সম্মান জানানো এবং স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেওয়াই এ দিবসের মূল উদ্দেশ্য।

একজন রোগীর চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার পেছনে নার্সদের আন্তরিক সেবা ও যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, জরুরি মুহূর্তে তারা সাহস, ধৈর্য ও মানবিকতার পরিচয় দেন।

দিনব্যাপী দেশের হাসপাতালগুলোয়ও বিভিন্ন অনুষ্ঠানের আযোজন করা হয়। কথা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট শারমিন আক্তারে সঙ্গে। তিনি বলেন, ‘দেশে নার্সিং খাত এখনো বিভিন্ন সমস্যার সম্মুখীন। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুযায়ী দেশে নিবন্ধিত নার্স ও ধাত্রীর সংখ্যা প্রায় ১,৫৩,৬১৩। প্রতি ১,০০০ জনে নার্সের সংখ্যা মাত্র ০.৬৬৪, যা WHO মানদণ্ডের তুলনায় অনেক কম। কম বেতন, অতিরিক্ত কাজের চাপ, নিরাপত্তাহীনতা এবং সীমিত সুযোগ-সুবিধা নার্সদের পেশাগত উন্নয়নে বাধা সৃষ্টি করছে।’

নার্সেস দিবসে আপনার প্রত্যাশা কী জানতে চাইলে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শামীমা নাসরিন বলেন, ‘আন্তর্জাতিক নার্সেস দিবসে একজন নার্স হিসেবে আমার প্রত্যাশা হলো মানবিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নার্সদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে সমাজে নার্সদের প্রতি সম্মান ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। যথাযথ সম্মান, ভালো বেতন ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরি হলে এই পেশায় তরুণদের আগ্রহ আরো বাড়বে।’

দীর্ঘদিন মাথাব্যথায় হতে পারে যে রোগ

শ্রবণ সমস্যায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি

মোবাইল ব্যবহারে ঘাড়ের ওপর বাড়তি চাপ

হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

কোথায় ব্যথা হলে বুঝবেন কিডনি সমস্যায় ভুগছেন

নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

হিপ প্রতিস্থাপন সার্জারি ব্যথা কমায়

বোবা ভুত কি সত্য, যা বলছে চিকিৎসাবিজ্ঞান

স্বাস্থ্য ঠিক রাখতে কোন খাবার খাবেন

পেটের ব্যথা কমানোর উপায়: ঘরোয়া চিকিৎসা, দোয়া ও ওষুধের পূর্ণ গাইড