হোম > ফিচার > স্বাস্থ্য

ফিজিওথেরাপি চিকিৎসা কেন নেবেন

মো. ইমরান হোসেন

অনেকের ধারণা ফিজিওথেরাপি চিকিৎসা শুধু কোমর, ঘাড় বা হাঁটুর ব্যথা এবং প্যারালাইসিসের রোগীদের জন্য প্রযোজ্য। বাস্তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ফিজিওথেরাপি একটি স্বতন্ত্র ও বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, যা ব্যথা উপশমের পাশাপাশি রোগ প্রতিরোধ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফিজিওথেরাপির অন্যতম পরিচিত ক্ষেত্র হলো মাস্কিউলোস্কেলেটাল সমস্যা বা হাড়, জোড়া ও মাংসপেশির রোগের চিকিৎসা। তবে এর কার্যপরিধি এখানেই সীমাবদ্ধ নয়। স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, পারকিনসনস ডিজিজ, সেরিব্রাল পালসি, মাল্টিপল স্কলেরোসিসসহ বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের বিকাশজনিত সমস্যা, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা বা চলাফেরার সীমাবদ্ধতা দূর করতেও ফিজিওথেরাপি ব্যবহার করা হয়। একইভাবে হৃদরোগ, ফুসফুসের রোগ, অপারেশন-পরবর্তী দুর্বলতা এবং আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে কার্ডিও পালমোনারি রিহ্যাবিলিটেশনের অংশ হিসেবে ফিজিওথেরাপি কার্যকর ভূমিকা রাখে।

খেলোয়াড়দের ক্ষেত্রেও ফিজিওথেরাপি অপরিহার্য। খেলাধুলাজনিত ইনজুরি প্রতিরোধ, কর্মক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত মাঠে ফিরিয়ে আনতে স্পোর্টস ফিজিওথেরাপি বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বয়স্ক মানুষের ভারসাম্য রক্ষা, পড়ে যাওয়ার ঝুঁকি কমানো এবং স্বাধীনভাবে চলাফেরার সক্ষমতা বজায় রাখতেও ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দীর্ঘক্ষণ বসে কাজ করা, প্রযুক্তিনির্ভর জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এসব সমস্যা প্রতিরোধে সঠিক ব্যায়াম, অঙ্গবিন্যাস সংশোধন এবং স্বাস্থ্যশিক্ষণ প্রদানের মাধ্যমেও ফিজিওথেরাপিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বর্তমান বিশ্বে স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য শুধু রোগ নিরাময় নয়, বরং রোগীকে কর্মক্ষম ও স্বনির্ভর জীবনে ফিরিয়ে আনা। এই লক্ষ্য অর্জনে ফিজিওথেরাপি চিকিৎসকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই ফিজিওথেরাপিকে শুধু ব্যথা বা প্যারালাইসিসের চিকিৎসা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি বিস্তৃত, আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা, যা মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে সুস্থতা, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ফিজিওথেরাপি চিকিৎসা শুধু ব্যথা বা প্যারালাইসিসের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ, তা ভাবার সুযোগ নেই।

লেখক : প্রভাষক, ফিজিওথেরাপি বিভাগ, সিআরপি, সাভার, ঢাকা

বক্ষব্যাধির চিকিৎসায় থোরাসিক সার্জারি

হাম বড়দেরও হয়

সুস্থতার মহৌষধ ভিটামিন ডি

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল সর্বোত্তম সমাধান নয়: বিপিএইচসিডিওএ

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে ৩ মাসে ৬৫২ জনের মৃত্যু

হামে আরো ৫ শিশুর মৃত্যু

কেন ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ

আদ্-দ্বীন হাসপাতালে চরম বিপাকে চিকিৎসাধীন রোগীরা, স্বজনদের ক্ষোভ

লাইসেন্স বাতিলের পরেও কার্যক্রম চালু রাখার সুযোগ চায় আদ্-দ্বীন হাসপাতাল