হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

পাসওয়ার্ডের বিকল্প পাসকী, কীভাবে ব্যবহার করবেন

আমার দেশ অনলাইন

অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে দীর্ঘদিন ধরে পাসওয়ার্ডই ছিল প্রধান ভরসা। কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়া, চুরি হওয়া কিংবা ফিশিংয়ের মাধ্যমে অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এসব সমস্যা কমাতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পাসকী।

পাসকী হলো পাসওয়ার্ডের বিকল্প একটি আধুনিক লগইন পদ্ধতি। এতে আলাদা কোনো জটিল পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। বরং স্মার্টফোন বা কম্পিউটারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়।

ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক চালু থাকলে সেগুলো দিয়েই পাসকীর মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। কম্পিউটারে পিন বা অন্যান্য ডিভাইসভিত্তিক নিরাপত্তা ব্যবস্থাও ব্যবহার করা সম্ভব।

পাসকী কেন ব্যবহার করবেন?

পাসকীর বড় সুবিধা হলো এটি সাধারণ পাসওয়ার্ডের মতো সহজে কাউকে জানানো, লিখে রাখা বা কপি করে নেওয়া যায় না। ফলে পাসওয়ার্ড চুরি ও ফিশিংয়ের ঝুঁকি কমে।

এ ছাড়া পাসকী ব্যবহারের সময় ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা মুখের তথ্য সরাসরি ওয়েবসাইটে পাঠানো হয় না। সাধারণত বায়োমেট্রিক যাচাই সংশ্লিষ্ট ডিভাইসেই সম্পন্ন হয়। এতে ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখার বাড়তি সুবিধা পাওয়া যায়।

পাসকী ব্যবহারের আগে যা জানা দরকার

পাসকী চালু করার আগে ডিভাইস ও ব্রাউজার এটি সমর্থন করে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। সাধারণভাবে উইন্ডোজ ১০ বা পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ভেনচুরা বা পরবর্তী সংস্করণ এবং ক্রোমওএস ১০৯ বা পরবর্তী সংস্করণের ডিভাইসে এটি ব্যবহার করা যায়।

স্মার্টফোনে সাধারণত অ্যান্ড্রয়েড ৯ বা পরবর্তী সংস্করণ এবং আইওএস ১৬ বা পরবর্তী সংস্করণ প্রয়োজন হতে পারে। পাশাপাশি ক্রোম, সাফারি, এজ বা ফায়ারফক্সের মতো আধুনিক ব্রাউজার ব্যবহার করতে হবে। ডিভাইসে স্ক্রিন লক চালু থাকাও জরুরি।

ফোনের পাসকী ব্যবহার করে কম্পিউটারে লগইন করতে চাইলে দুই ডিভাইসে ব্লুটুথ চালু করার প্রয়োজন হতে পারে। অ্যাপল ডিভাইসের ক্ষেত্রে আইক্লাউড কীচেইন সক্রিয় থাকাও প্রয়োজন হতে পারে।

গুগল অ্যাকাউন্টে পাসকী তৈরি করবেন যেভাবে

গুগল অ্যাকাউন্টে পাসকী তৈরির জন্য প্রথমে অ্যাকাউন্টের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর Security বিভাগ থেকে Passkeys অপশন নির্বাচন করে Create a passkey-তে ক্লিক করতে হবে।

নিরাপত্তার জন্য বর্তমান পাসওয়ার্ড দিয়ে পরিচয় নিশ্চিত করতে হতে পারে। এরপর ফোন বা কম্পিউটারের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক অথবা পিনের সঙ্গে পাসকী যুক্ত করে সেটআপ সম্পন্ন করা যাবে।

পাসকী দিয়ে লগইন করবেন যেভাবে

পাসকী সমর্থন করে এমন অ্যাকাউন্টের সাইন-ইন পেজে গিয়ে প্রথমে ইউজারনেম বা ই-মেইল দিতে হবে। এরপর পাসকী দিয়ে লগইন করার অপশন নির্বাচন করতে হবে।

এরপর ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক বা পিনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করলেই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

ফোনের পাসকী দিয়ে কম্পিউটারে লগইন

ফোনে সংরক্ষিত পাসকী ব্যবহার করেও কম্পিউটারে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব। এ জন্য কম্পিউটারের সাইন-ইন পেজে Try another way নির্বাচন করে Use your passkey অপশনে যেতে হবে।

এরপর কম্পিউটারের পর্দায় কিউআর কোড এলে ফোনের ক্যামেরা দিয়ে সেটি স্ক্যান করতে হবে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক বা পিন দিয়ে পরিচয় যাচাই সম্পন্ন হলে কম্পিউটারে লগইন হয়ে যাবে।

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমানোর পাশাপাশি ফিশিং ও পাসওয়ার্ড চুরির ঝুঁকি কমাতে পাসকী কার্যকর একটি বিকল্প হয়ে উঠছে। তবে পাসকী ব্যবহারের পাশাপাশি ডিভাইসের স্ক্রিন লক, অ্যাকাউন্টের রিকভারি তথ্য ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখাও জরুরি।

এসআর

ভাঙ্গায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’

সৌদিতে অবৈধ অভিবাসীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এক সপ্তাহে গ্রেপ্তার ১৪৪৩৪

কোনো হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়

ডিএনএ নমুনা রেখে বেওয়ারিশ লাশ দাফন করে দিচ্ছে নেপাল

কমলগঞ্জ সীমান্তে নারীসহ ৩ বাংলাদেশি আটক

গাজায় কঠিন সময় পার করছে কিশোরীরা, কমে গেছে ব্যক্তিগত গোপনীয়তা

৩৪০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে গ্রিস-ইসরাইল

প্রচণ্ড গরমে ব্যায়াম, সুস্থ থাকতে যেসব সতর্কতা জরুরি

খুলে দেওয়া হলো কাপ্তাইয়ের ১৬ জলকপাট, নামছে ৩৯ হাজার কিউসেক পানি