হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

গ্রামে প্রযুক্তির প্রসার

জুবাইর আল হাদী

একসময় গ্রামের জীবন মানেই ছিল ধীরগতির এক সরল বাস্তবতা। কাঁচা রাস্তা, হারিকেনের আলো, ডাকপিয়নের অপেক্ষা কিংবা হাটবারের খবর এসব নিয়েই আবর্তিত হতো পল্লিজীবনের প্রতিদিন। কৃষিকাজ ছিল জীবিকার প্রধান অবলম্বন আর তথ্যের জগৎ সীমাবদ্ধ ছিল চায়ের দোকানের আড্ডা কিংবা সাপ্তাহিক পত্রিকার পাতায়। কিন্তু সময় বদলেছে। প্রযুক্তির দ্রুত বিস্তার গ্রামবাংলার সেই চিরচেনা জীবনযাত্রাকে এনে দিয়েছে এক নতুন মোড়। আজকের গ্রাম আর আগের গ্রাম নেই; বদলে গেছে মানুষের চিন্তা, কাজের ধরন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, চিকিৎসাÑএমনকি স্বপ্ন দেখার পরিধিও। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো গ্রামে বাস করে। দেশের অর্থনীতি, সংস্কৃতি ও উৎপাদনব্যবস্থার প্রাণশক্তি এই পল্লিসমাজ। তাই গ্রামের উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন শুধুই অসম্পূর্ণ থেকে যায়। গত এক দশকে তথ্যপ্রযুক্তির বিস্তার সেই উন্নয়নের পথকে করেছে আরো গতিশীল। মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল সেবা, সৌরবিদ্যুৎ ও আধুনিক কৃষিযন্ত্রÑসব মিলিয়ে গ্রামীণ জীবনে তৈরি হয়েছে এক নীরব পরিবর্তন। গ্রামের মানুষের হাতে এখন স্মার্টফোন। একসময় যে কৃষককে বাজারদর জানতে কয়েক মাইল দূরের হাটে যেতে হতো, তিনি এখন মোবাইলেই জেনে নিচ্ছেন ধানের দাম, আবহাওয়ার পূর্বাভাস কিংবা নতুন চাষপদ্ধতির খবর। ইউটিউবে ভিডিও দেখে শিখছেন মাছ চাষ, গবাদি পশু পালন বা সবজি উৎপাদনের আধুনিক কৌশল। প্রযুক্তি যেন তাদের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। যোগাযোগব্যবস্থায়ও এসেছে বিস্ময়কর পরিবর্তন। আগে বিদেশে থাকা স্বজনের কণ্ঠ শুনতে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। এখন ভিডিও কলে মুহূর্তেই দেখা হচ্ছে প্রিয় মানুষের মুখ। দূরত্ব যেন প্রযুক্তির কাছে হার মেনেছে। সামাজিক সম্পর্কের ধরনেও এসেছে নতুন মাত্রা। গ্রামের তরুণরা এখন বিশ্বসংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে খুব সহজেই। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। করোনাকালে গ্রামের অসংখ্য শিক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্লাসে অংশ নিয়েছে। এখন অনেক শিক্ষার্থী ঘরে বসেই অনলাইনভিত্তিক কোর্স করছে, চাকরির প্রস্তুতি নিচ্ছে কিংবা ফ্রিল্যান্সিং শিখছে। আগে যেখানে একটি ভালো লাইব্রেরির অভাব ছিল বড় সংকট, সেখানে এখন ইন্টারনেটই হয়ে উঠেছে বিশাল জ্ঞানভান্ডার। স্বাস্থ্যসেবায়ও প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। গ্রামের মানুষ এখন মোবাইল ফোনে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে, অ্যাপ ব্যবহার করে স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য পাচ্ছে। অনেক জায়গায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এতে সময় ও অর্থÑ দুটিই সাশ্রয় হচ্ছে সাধারণ মানুষের। গ্রামীণ নারীদের জীবনেও প্রযুক্তি ইতিবাচক পরিবর্তন এনেছে। অনেক নারী এখন ঘরে বসেই অনলাইন ব্যবসা পরিচালনা করছেন। কেউ হস্তশিল্প বিক্রি করছেন, কেউ খাবারের ছোট উদ্যোগ চালাচ্ছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের পণ্যের প্রচার করছেন। এতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা যেমন বাড়ছে, তেমনি আত্মবিশ্বাসও দৃঢ় হচ্ছে। বিদ্যুতায়নের অগ্রগতিও গ্রামীণ উন্নয়নের বড় চালিকাশক্তি। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামলেই যেখানে একসময় অন্ধকার নেমে আসত, সেখানে এখন বৈদ্যুতিক আলোর ঝলকানি দেখা যায়। বিদ্যুতের সুবিধা পৌঁছে যাওয়ায় গ্রামের ছোট শিল্প, হাঁস-মুরগির খামার, সেলাই কাজ কিংবা অনলাইনভিত্তিক ব্যবসা আরো প্রসার লাভ করছে। তবে এই পরিবর্তনের মধ্যেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে অনেকের পর্যাপ্ত ধারণা নেই। ইন্টারনেটের অপব্যবহার, অনলাইন প্রতারণা কিংবা সামাজিক অবক্ষয়ের ঝুঁকিও বাড়ছে। অনেক গ্রামে এখনো নেটওয়ার্ক দুর্বল, বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত এবং প্রযুক্তি শিক্ষার সুযোগ সীমিত। ফলে প্রযুক্তির সুফল সবাই সমানভাবে পাচ্ছে না।

তবু আশার কথা হলোÑগ্রামবাংলা আর পিছিয়ে নেই। প্রযুক্তি এখন গ্রামের মানুষের জীবনকে শুধু সহজই করেনি, তাদের স্বপ্ন দেখার শক্তিও বাড়িয়ে দিয়েছে। কৃষকের হাতে স্মার্টফোন, শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, উদ্যোক্তার অনলাইন ব্যবসা কিংবা রোগীর ডিজিটাল স্বাস্থ্যসেবাÑসবকিছু মিলিয়ে গ্রামবাংলা ধীরে ধীরে প্রবেশ করছে এক নতুন বাস্তবতায়। কবি জসীম উদ্‌দীনের সেই চিরচেনা পল্লি হয়তো আজ অনেকটাই বদলে গেছে; কিন্তু তার প্রাণশক্তি এখনো অমলিন। শুধু লাঙল আর নৌকার গ্রাম নয়, আজকের গ্রাম প্রযুক্তিনির্ভর এক সম্ভাবনার নাম। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে গ্রামই হয়ে উঠতে পারে বাংলাদেশের টেকসই অগ্রযাত্রার সবচেয়ে বড় ভিত্তি।

টেক টিপস

গ্রাফিক্স কার্ড কতটা জরুরি

ই-বর্জ্যের ভয়াবহ বিস্তার

ধীরে ধীরে ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী হয়ে উঠছে স্মার্টওয়াচ

সরকার গণমাধ্যমকে স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়: তথ্যমন্ত্রী

সাইবার অপরাধ ঠেকাতে সমন্বিতভাবে কাজ করতে হবে

কীসের পেছনে ছুটছে তরুণেরা? গুগল সার্চে মিলল উত্তর

নতুন ফাঁদ এসএমএস পাম্পিং, বাড়ছে সাইবার ঝুঁকি

ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়

বিস্ফোরণ এড়াতে এসির যত্ন নেবেন যেভাবে