বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান বিটস্পিয়ারহেড-এর সঙ্গে নতুন অংশীদারিত্বে যুক্ত হয়েছে কানাডার এআইআর মিডিয়া-টেক। এর মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কনটেন্ট নির্মাতারা আন্তর্জাতিক প্রযুক্তি সহায়তা ও বৈশ্বিক আয় বৃদ্ধির সুযোগ পাবেন।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ এশিয়ার বহু কনটেন্ট নির্মাতা দীর্ঘদিন ধরে ভাষা ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে সমস্যার মুখে পড়েছিলেন। এই উদ্যোগের মাধ্যমে সেই বাধা দূর করে স্থানীয় নির্মাতাদের বৈশ্বিক দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অংশীদারিত্বের আওতায় নির্মাতাদের জন্য তিনটি প্রধান সেবা চালু করা হবে। এর মধ্যে রয়েছে বিদ্যমান ভিডিও কনটেন্টকে মাইক্রোসফটের বিভিন্ন মাধ্যমে প্রচারের সুযোগ, সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার ব্যবস্থা এবং বিভিন্ন ভাষায় অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় কণ্ঠ সংযোজন সুবিধা।
প্রতিষ্ঠানগুলোর দাবি, এই সেবার মাধ্যমে নির্মাতারা অতিরিক্ত কনটেন্ট তৈরি ছাড়াই নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারবেন এবং আন্তর্জাতিক বাজার থেকে বেশি আয় করার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পুরোনো ভিডিও ব্যবহার করে সারাক্ষণ সম্প্রচার চালু রাখার ফলে দর্শকের সম্পৃক্ততা ও দেখার সময়ও বাড়বে।
এআইআর মিডিয়া-টেকের বৈশ্বিক ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক ভিরা স্লিভিনস্কা বলেন, দক্ষিণ এশিয়ার নির্মাতাদের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের কনটেন্ট ভাষাগত সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারেনি, তাদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিটস্পিয়ারহেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাদি আহমেদ চৌধুরী বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের কনটেন্ট নির্মাতাদের জন্য বড় সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক দর্শকের কাছে নিজেদের কাজ তুলে ধরতে পারবেন এবং আর্থিকভাবে আরও লাভবান হবেন।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে আরও জানানো হয়, উদীয়মান বাজারের প্রতিভাবান নির্মাতাদের বৈশ্বিক প্ল্যাটফর্মে যুক্ত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিটস্পিয়ারহেড ২০১৬ সাল থেকে বাংলাদেশে বিজ্ঞাপন প্রযুক্তি ও প্রভাবকভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে এআইআর মিডিয়া-টেক বিশ্বের ৭০টিরও বেশি দেশের তিন হাজারের বেশি কনটেন্ট নির্মাতাকে বিভিন্ন সেবা দিয়ে সহায়তা করছে। বছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ১২৫ বিলিয়নের বেশি ভিডিও প্রদর্শন তৈরি হয় বলে জানানো হয়েছে।