পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর কালজয়ী আদর্শ ও শিক্ষণীয় দিকগুলো তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘আমার দেশ পাঠকমেলা’ ঢাকা আলিয়া মাদরাসা শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও আড্ডার আয়োজন করা হয়েছে।
গত ২৬ আগস্ট বুধবার (১২ রবিউল আউয়াল) ঢাকা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে এই আড্ডা ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানের মূল পর্বে মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন শিক্ষণীয় দিক, তাঁর প্রদর্শিত শান্তি, ন্যায় ও ইনসাফের প্রতীকী রূপ এবং মুসলিম উম্মাহর কল্যাণে তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ‘আমার দেশ পাঠকমেলা’ ঢাকা আলিয়া মাদরাসা শাখার সভাপতি এম সাব্বির আহমেদ বলেন, ‘আজকের তরুণ সমাজের নৈতিক চরিত্র গঠনে রাসুল (সা.)-এর জীবনই একমাত্র শ্রেষ্ঠ গাইডলাইন। আমাদের মূল উদ্দেশ্যই হলো তরুণদের মাঝে একটি সুন্দর আদর্শ ছড়িয়ে দেওয়া। আমরা যদি সবাই আমাদের প্রাত্যহিক জীবনে নবীর শিক্ষা ধারণ করতে পারি, তবে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ সম্ভব।’
তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন। শিক্ষার্থীরা বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ যদি আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারি, তবেই আমাদের জীবন সুন্দর, সার্থক ও শান্তিময় হয়ে উঠবে।’
আলোচনার পাশাপাশি আড্ডার আবহে শিক্ষার্থীরা চমৎকার কণ্ঠে হামদ-নাত এবং পবিত্র কোরআন থেকে কিরাত তিলাওয়াত করেন। রাসুলের শানে গাওয়া নাত অনুষ্ঠানটিতে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতের মাধ্যমে আড্ডা ও সভার সমাপ্তি ঘটে।
উপস্থিত সবার মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও রাসুলের প্রতি ভালোবাসা আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।