হোম > ফিচার > পাঠকমেলা

ইবিতে পাঠকমেলার সদস্য সংগ্রহ শুরু

চিন্তাশীল তারুণ্যের খোঁজে

তানিম তানভীর

বিশ্ববিদ্যালয়কে শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে আবদ্ধ জ্ঞান অর্জনের স্থান হিসেবে দেখার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়কে নতুন নতুন চিন্তার উন্মেষ, সৃজনশীলতার বিকাশ, যুক্তিবোধের চর্চা ও সামাজিক দায়বদ্ধতা শেখার উর্বর ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। আর এই দায়িত্ব আমাদেরও। একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রয়োজন নিয়মিত পাঠাভ্যাস, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানাশোনা এবং সমসাময়িক সমাজ ও রাষ্ট্র নিয়ে গভীর চিন্তাচর্চা। তরুণদের মধ্যে এমন মননশীলতা ও দায়িত্ববোধ তৈরির লক্ষ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাজ করে চলেছে ‘আমার দেশ পাঠকমেলা’।

এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস জোরালো করা, সমসাময়িক ঘটনাপ্রবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যুক্তিনির্ভর মতপ্রকাশের সক্ষমতা তৈরি এবং দেশ ও ইতিহাস সম্পর্কে গভীর জানাশোনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে শাখাটি।

সদস্য সংগ্রহকে শুধু সাংগঠনিক পরিধি বাড়ানোর কার্যক্রম হিসেবে দেখছে না পাঠকমেলা। বরং নতুন সদস্যদের নিয়ে একটি সক্রিয়, সৃজনশীল ও জ্ঞানভিত্তিক পাঠকসমাজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। যারা বই পড়তে ভালোবাসেন, নতুন কিছু জানতে চান, নিজেদের চিন্তাকে সমৃদ্ধ করতে চান কিংবা সমাজ ও রাষ্ট্রের নানা বিষয়ে গঠনমূলক আলোচনায় অংশ নিতে আগ্রহী, তাদের জন্য উন্মুক্ত এই প্ল্যাটফর্ম। এখানে একজন শিক্ষার্থী পাঠক হওয়ার পাশাপাশি লেখক, সংগঠক, আলোচক ও সমাজসচেতন নাগরিক হিসেবেও নিজেকে বিকশিত করার সুযোগ পাবেন।

নতুন সদস্যদের ঘিরে বৃহৎ কর্মপরিকল্পনা

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম আরো বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়মিত পাঠচক্র ও সাধারণ সভার পাশাপাশি আয়োজন করা হবে বইপাঠ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, কুইজ, সেমিনার, কর্মশালা ও বিষয়ভিত্তিক আলোচনা। ইতিহাস, রাজনীতি, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমসাময়িক রাষ্ট্রচিন্তা নিয়ে ধারাবাহিক পাঠ ও আলোচনার পরিবেশ তৈরি করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও ক্যাম্পাসকেন্দ্রিক পরিসরে পাঠচর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। জাতীয় দিবস, ঐতিহাসিক ঘটনা ও গুরুত্বপূর্ণ সামাজিক-সাংস্কৃতিক উপলক্ষকে কেন্দ্র করে আয়োজন করা হবে বিশেষ আলোচনা ও স্মরণানুষ্ঠান।

নিয়মিত কার্যক্রমে পাঠ ও চিন্তার চর্চা

সংগঠনটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে প্রতি মাসের প্রথম বুধবার সাধারণ সভা এবং তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে পাঠচক্র। এছাড়া দিবসভিত্তিক বিশেষ আয়োজন, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, সংবাদপত্রে কলাম ও ফিচার লেখা এবং সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশের উদ্যোগ রয়েছে।

ইতিহাস ও সংস্কৃতি, মুক্তবুদ্ধির চর্চা, সাহিত্য এবং সৃজনশীলতার বিকাশ এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে পাঠকমেলা একটি সম্মিলিত উদ্যোগ। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তার স্বাধীনতা ও যুক্তিবোধকে উৎসাহিত করা, দেশ ও সমাজের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার মানসিকতা গড়ে তোলা। বিতর্ক, আলোচনা, সেমিনার ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতেও কাজ করতে চায় সংগঠনটি।

নতুন সদস্যদের অংশগ্রহণে সংগঠনটির এই পথচলা আরো প্রাণবন্ত ও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জ্ঞানপিপাসু, সৃজনশীল ও সমাজসচেতন তরুণদের সম্মিলিত অংশগ্রহণে ক্যাম্পাসে গড়ে উঠুক মুক্তবুদ্ধি ও দায়িত্বশীল চিন্তার চর্চা। পাঠের আলোয় সমৃদ্ধ হোক তারুণ্য আর সেই তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাক দেশ ও সমাজ।

ডেঙ্গু প্রতিরোধসহ মাদারীপুরে পাঠকমেলার নানা কর্মসূচি

পাঠকমেলার সদস্য সভা

অনলাইনে নারীরা কীভাবে নিরাপদ থাকবেন

শরৎ এসেছে, বাবা আসেনি

ভিন্নমত নিয়ে শিক্ষাঙ্গনে ঐক্য

ইবি পাঠকমেলার সদস্য আড্ডা

মাদারীপুরে পাঠকমেলার যাত্রা শুরু

শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঠকমেলার মতবিনিময় সভা

আড্ডা থেকে সামনে চলার ভাবনা