হোম > ফিচার > ভ্রমণ

পর্যটক বরণে প্রস্তুত শ্রীমঙ্গল

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র শ্রীমঙ্গল এখন পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুত। সবুজ চা-বাগান, পাহাড়-টিলা ও বৈচিত্র্যময় নৃ-সংস্কৃতির অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এই জনপদে ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের ব্যাপক সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

ঈদের টানা ছুটিকে ঘিরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার হোটেল, রিসোর্ট, কটেজ ও বাংলোগুলোতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, অধিকাংশ আবাসন কেন্দ্রের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে এবং শেষ মুহূর্তে বুকিংয়ের চাপ আরও বাড়বে।

শ্রীমঙ্গল উপজেলা জুড়ে বিস্তৃত ৪৪টি চা-বাগান পর্যটকদের জন্য তৈরি করেছে অপার সবুজের সমারোহ। এর পাশাপাশি কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, মণিপুরী পল্লী ও শমসেরনগর বিমানবন্দরসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এছাড়া শ্রীমঙ্গলের হাইল হাওর, বাইক্কা বিল (পাখির অভয়ারণ্য), বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, চা জাদুঘর, চা কন্যা ভাস্কর্য এবং পাঁচতারা মানের গ্র্যান্ড সুলতান রিসোর্টসহ অসংখ্য পর্যটন স্পট ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এ অঞ্চলের নৃ-তাত্ত্বিক বৈচিত্র্যও পর্যটকদের আকৃষ্ট করে। মণিপুরী, খাসিয়া, ত্রিপুরা ও সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জীবনধারা ভ্রমণকে করে তোলে আরও সমৃদ্ধ। পর্যটকদের অনেকে এখানকার ঐতিহ্যবাহী তাঁতের পোশাক সংগ্রহ করে থাকেন।

রাধানগরের বৃষ্টি বিলাশ গেস্ট হাউসের স্বত্বাধিকারী আনজিম ইসলাম রাফি জানান, “ঈদকে ঘিরে আমাদের সব কক্ষের বুকিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার সাড়া অনেক ভালো।”

শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম আহমদ বলেন, “দীর্ঘ ছুটিতে মানুষ ভ্রমণে আগ্রহী থাকে। এবারের ঈদে পর্যটকদের ব্যাপক উপস্থিতি হবে বলে আশা করছি।”

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ প্রতিটি পর্যটন স্পটে পুলিশ মোতায়েন থাকবে এবং মোবাইল টিম নিয়মিত টহল দেবে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সব মিলিয়ে, প্রকৃতি, সংস্কৃতি ও আতিথেয়তার অপূর্ব সমন্বয়ে ঈদে নতুন সাজে সেজেছে শ্রীমঙ্গল। অতিথি বরণে প্রস্তুত এক অনন্য পর্যটন নগরী।

হালাল পর্যটন

খানসামার ২৫৯ বছরের প্রাচীন নিদর্শন এখন বিলুপ্তির পথে

পর্যটকদের নতুন গন্তব্য ‘সীতার হাওর লেক’

হাইয়া সোফিয়া দর্শনার্থীদের জন্য এআই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে

বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড যেখানে

ষোড়শ শতাব্দীর মথুরাপুর দেউল পড়ে আছে অযত্নে-অবহেলায়

দ্বীপে বসবাস করলেই পাওয়া যাবে ৯০ হাজার মার্কিন ডলার

উৎসাহ-উদ্দীপনায় শেষ হলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আনন্দ ভ্রমণ

পাখির রাজ্য হাকালুকি হাওর

আয়া সোফিয়া মসজিদে প্রথম জুমা