হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

নতুন গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা অর্জনের পাঁচ কৌশল

উম্মে কায়নাত আফরাহ

শিক্ষাজীবন শেষ করে চাকরির বাজারে প্রবেশের সময় তরুণদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ‘অভিজ্ঞতা’। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায়ই অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু একজন সদ্য স্নাতকের পক্ষে চাকরির অভিজ্ঞতা থাকা স্বাভাবিকভাবেই কঠিন। কারণ কর্মজীবনে প্রবেশের আগেই যদি অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে কীভাবে? আসলে অভিজ্ঞতা বলতে শুধু কোনো প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করাকেই বোঝায় না। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, পেশাগত ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হয়েও বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়। এসব কার্যক্রম একদিকে যেমন দক্ষতা বাড়ায়, অন্যদিকে সিভিতেও যোগ করে গুরুত্বপূর্ণ মূল্য। চাকরির আগে অভিজ্ঞতা অর্জনের এমন পাঁচটি কার্যকর পথ থাকছে এখানে।

স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হোন

অভিজ্ঞতা অর্জনের জন্য স্বেচ্ছাসেবামূলক কাজ হতে পারে দারুণ একটি মাধ্যম। বিভিন্ন সামাজিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান কিংবা স্বেচ্ছাসেবী উদ্যোগের সঙ্গে যুক্ত হলে বাস্তব কাজ শেখার সুযোগ পাওয়া যায়; একই সঙ্গে মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতাও তৈরি হয়। তবে যেকোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের সঙ্গে সেটির সম্পর্ক আছে কি না, তা বিবেচনা করা ভালো। ধরুন, কারো আগ্রহ ডিজিটাল মার্কেটিংয়ে। তিনি কোনো সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা, প্রচারণা কিংবা কনটেন্ট তৈরির কাজে যুক্ত হতে পারেন। আবার ইভেন্ট ম্যানেজমেন্টে আগ্রহ থাকলে অনুষ্ঠান আয়োজন, স্বেচ্ছাসেবক সমন্বয় বা তহবিল সংগ্রহের মতো কাজে অংশ নেওয়া যেতে পারে। এ ধরনের কাজ শুধু অভিজ্ঞতাই দেয় না, নেতৃত্ব, যোগাযোগ, দল পরিচালনা ও সমস্যা সমাধানের দক্ষতাও বাড়ায়। এমনকি নিজের উদ্যোগে ছোট কোনো প্রশিক্ষণ কর্মশালা বা অনুষ্ঠান আয়োজন করাও ভবিষ্যৎ নিয়োগকর্তার কাছে আপনার সক্ষমতার প্রমাণ হিসেবে কাজ করতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাবকে কাজে লাগান

বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্লাব কার্যক্রমকে অনেকে শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে দেখেন। অথচ ক্যারিয়ার তৈরির ক্ষেত্রেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজের পছন্দের পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্লাবে যুক্ত হওয়া যেতে পারে। যেমন হিসাববিজ্ঞান বা অর্থনীতিতে ক্যারিয়ার গড়তে চাইলে অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্স ক্লাবে যুক্ত হওয়া যেতে পারে। একইভাবে বিতর্ক, সাংস্কৃতিক, প্রযুক্তি, উদ্যোক্তা বা স্বেচ্ছাসেবী ক্লাব থেকেও নানা ধরনের দক্ষতা অর্জন করা সম্ভব। শুধু সদস্য হওয়াই শেষ কথা নয়। কোনো আয়োজনের দায়িত্ব নেওয়া, কমিটিতে কাজ করা কিংবা নেতৃত্বের ভূমিকা পালন করলে অভিজ্ঞতার পরিধি আরো বাড়ে। একটি অনুষ্ঠান পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত পরিচালনা করার অভিজ্ঞতা ভবিষ্যতে টিমওয়ার্ক, নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তুলে ধরতে পারে।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিন

ক্যাম্পাস কিংবা অনলাইনে নিয়মিত নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়। হ্যাকাথন, বিজনেস কেস প্রতিযোগিতা, বিতর্ক, রচনা, কুইজ, প্রেজেন্টেশন কিংবা শিল্প প্রদর্শনী—সুযোগ রয়েছে নানা ক্ষেত্রেই। এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার মূল লক্ষ্য শুধু পুরস্কার পাওয়া হওয়া উচিত নয়। বরং প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের জ্ঞানকে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করা এবং অন্যদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হ্যাকাথন বা বিজনেস কেস প্রতিযোগিতায় অংশ নিলে অল্প সময়ের মধ্যে কোনো সমস্যার সমাধান বের করার দক্ষতা তৈরি হয়। পাশাপাশি চাপের মধ্যে কাজ করা, দলের সদস্যদের সঙ্গে সমন্বয় করা, নিজের ধারণা উপস্থাপন করা এবং সময়ের মধ্যে কাজ শেষ করার অভিজ্ঞতা পাওয়া যায়। জিততে না পারলেও এসব অভিজ্ঞতা সিভিতে উল্লেখ করা যায়। চাকরির সাক্ষাৎকারে নিজের দক্ষতার বাস্তব উদাহরণ হিসেবেও এগুলো তুলে ধরা সম্ভব।

ছোট পরিসরে ব্যবসা বা আয়ের উদ্যোগ নিন

চাকরির অপেক্ষায় বসে না থেকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ছোট পরিসরে আয়ের উদ্যোগ নেওয়াও অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর পথ। এতে শুধু আয় করার সুযোগই তৈরি হয় না, বরং দায়িত্ব নেওয়া, সিদ্ধান্ত গ্রহণ, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং সমস্যা মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। পড়াশোনার পাশাপাশি অনলাইন পণ্য বিক্রি, ফ্রিল্যান্সিং, টিউশনি, ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, ঘরে তৈরি খাবারের ব্যবসা কিংবা ই-কমার্সের মতো কাজ শুরু করা যেতে পারে। তবে সম্ভব হলে ভবিষ্যতে যে পেশায় যেতে চান, তার সঙ্গে সম্পর্কিত কাজ বেছে নেওয়া ভালো। উদাহরণ হিসেবে, শিক্ষকতা করতে আগ্রহী একজন শিক্ষার্থী টিউশনি করানোর মাধ্যমে একই সঙ্গে আয় ও পাঠদানের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আবার ডিজিটাল মার্কেটিংয়ে যেতে চাইলে ছোট কোনো ব্যবসার সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার দায়িত্ব নেওয়া যেতে পারে। নিজের উদ্যোগে কিছু করার অভিজ্ঞতা একজন প্রার্থীর স্বনির্ভরতা, সৃজনশীলতা ও উদ্যোগী মানসিকতার প্রমাণ দেয়।

ইন্টার্নশিপ, পার্টটাইম কাজ করুন

চাকরির আগে কর্মক্ষেত্রকে কাছ থেকে চেনার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ইন্টার্নশিপ। শিক্ষাজীবনেই কোনো প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে কাজ করলে বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কীভাবে অফিসে কাজ করতে হয়, সময়ের মধ্যে দায়িত্ব শেষ করতে হয়, কিংবা সহকর্মীদের সঙ্গে সমন্বয় করতে হয়—এসব শেখার সুযোগ তৈরি হয়। ইন্টার্নশিপের পাশাপাশি কো-অপ বা পার্টটাইম কাজও অভিজ্ঞতা অর্জনের ভালো মাধ্যম। এর মাধ্যমে শুধু কাজ শেখা নয়, সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি হয়। ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতেও এটি সহায়ক। বেতনসহ ইন্টার্নশিপ না পাওয়া গেলে সুযোগ একেবারে ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। নিজের পছন্দের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সপ্তাহে এক বা দুই দিন শেখার সুযোগ আছে কি না, তা জানতে চাওয়া যেতে পারে। তবে কাজের ধরন, সময় ও শর্ত আগে পরিষ্কারভাবে জেনে নেওয়া জরুরি।

অভিজ্ঞতার জন্য শুধু চাকরির অপেক্ষা নয়

চাকরির অভিজ্ঞতা না থাকার কারণে সদ্য স্নাতকদের হতাশ হওয়ার কিছু নেই। বরং চাকরিতে ঢোকার আগেই নিজের দক্ষতা ও অভিজ্ঞতার জায়গা তৈরি করা সম্ভব। স্বেচ্ছাসেবা, ক্লাব কার্যক্রম, প্রতিযোগিতা, ছোট ব্যবসা, ইন্টার্নশিপ কিংবা পার্টটাইম কাজ—প্রতিটি ক্ষেত্রই একজন তরুণকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করতে পারে।

তরুণদের সফট ও হার্ড স্কিল অর্জন করতে হবে

সফল হতে নিজেকেই আগে বদলাতে হবে

অল্প বয়সেই পেশা চূড়ান্তের প্রয়োজন নেই

শিক্ষার আলো ছড়িয়ে হাসানাহ ফাউন্ডেশনের অন্যরকম পথচলা

দল ভেঙেছে, থামেনি গল্প

পড়াশোনার খরচ সামলাতে পার্টটাইম চাকরি

নিজেকে বদলাতে জানলেই সাংবাদিকতায় সম্ভাবনা

ক্যারিয়ার গড়ার প্রস্তুতি ও উদ্যোক্তা হওয়ার প্রেরণা

গ্লোবাল আইটিতে নেতৃত্ব দিচ্ছেন এক বাংলাদেশি

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ