সাহিত্যের সৃষ্টিলগ্ন থেকেই সাহিত্য নিয়ে মানুষের মতামত ছিল। আর সেই মতামত বিশ্লেষণ, যুক্তি ও বিচারবোধের ভিত্তিতে রূপ নিয়েছে সাহিত্য সমালোচনার। শুরু থেকেই সমালোচনার মাধ্যমে সাহিত্যের গুণাগুণ, ভুলত্রুটি শনাক্তকরণ ও লেখকদের আত্মোন্নয়ন ঘটেছে। তবে তখনকার সাহিত্যে সমালোচনা সবসময় বিরোধপূর্ণ ছিল না; কখনো তা বিরোধের জন্ম দিয়েছে, আবার কখনো সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ইংরেজ সাহিত্যিক, সমালোচক ও প্রাবন্ধিক স্যামুয়েল জনসন (Samuel Johnson) বলেছিলেন, ‘The duty of criticism is neither to depreciate nor dignify by partial representations, but to hold out the light of reason.’ অর্থাৎ সমালোচনার দায়িত্ব কাউকে ছোট করা বা পক্ষপাতমূলকভাবে বড় করে দেখানো নয়; বরং যুক্তির আলোয় বিষয়টিকে তুলে ধরা।
কিন্তু আজকের সাহিত্যে সমালোচনা নিয়ে আমাদের ধারণা কতটুকু? আধুনিক সাহিত্যে এসে কবি-লেখকদের মধ্যে সমালোচনার প্রবণতা কম দেখা যায়। সমালোচনা সম্পর্কে লেখকদের ধারণা আর বাস্তবে সাহিত্যসমালোচনার চর্চা দুটি আলাদা বিষয়। লক্ষ্য করা যায়, আধুনিক কবি-লেখক সমালোচনা এড়িয়ে চলছে এবং সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছে, যার কারণে সমালোচনা বলতে সাহিত্যে জন্ম নিয়েছে বিরোধপূর্ণ মনোভাব।
প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু বলেছেন, ‘বাংলাদেশে সমালোচনা সাহিত্য গড়ে না ওঠার প্রধান কারণ দুটো। একদিকে আছে স্তুতি আর ব্যাজস্তুতি।’ অর্থাৎ নিন্দার ছলে স্তুতি বা স্তুতির ছলে নিন্দা।
বাংলাদেশের সাহিত্যে সমালোচনা ধীরে ধীরে কমে যাওয়ার কারণ কবি-লেখকদের বিরোধপূর্ণ মনোভাব, প্রতিহিংসা ও নেতিবাচক ধারণা। আজকের দিনে সমালোচনা করা মানে শত্রু তৈরি করা। যতই নিরপেক্ষ সমালোচনা হোক, ব্যক্তিগত আক্রমণের হাত থেকে রেহাই নেই। এভাবে সাহিত্যাঙ্গনে ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছেন অনেক সাহিত্য আলোচক ও গবেষক।
হতে পারে, এআইয়ের জাঁতাকলে চাপা পড়বে সাহিত্য, সাহিত্যসমাজ। তখন চিহ্নিত করার কেউ থাকবে না। যদি সাহিত্যকে বর্তমান এবং আগামীর জন্য সমৃদ্ধ করতে চাই, তবে গড়ে তুলতে হবে একটি সমালোচনা সাহিত্য।
তবে কেন সমালোচনা সাহিত্য গড়ে উঠছে না? কারণ আমরা লিখতে যতটা আগ্রহ দেখাই, সাহিত্যের বিচার করতে ততটা আগ্রহ দেখাই না। বরং গড়ে তুলেছি একটি প্রশংসার সংস্কৃতি। এটি সাময়িক আনন্দের হলেও বস্তুত সাহিত্যের মূলচ্ছেদের একটি ষড়যন্ত্র সংস্কৃতি। তবে গুটিকয়েক এখন আলোচনাধর্মী সাহিত্যে পা রেখেছে।
পূর্বের সমালোচনাসাহিত্য পুনশ্চ ফিরিয়ে আনতে যথেষ্ট দুর্গম পথ পাড়ি দিতে হবে। একটি যুক্তিনির্ভর সাহিত্য সমালোচনা ফিরিয়ে আনতে প্রশিক্ষিত পাঠক, নিয়মিত পাঠচর্চা এবং সাহিত্য বিশ্লেষণের উপযুক্ত পরিবেশও তৈরি করতে হবে।
সমালোচনা সাহিত্য কেন গড়ে তুলতে হবে?
আধুনিক সাহিত্যে লেখার মান, এআই লেখা চিহ্নিতকরণ, সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য সমালোচনা সাহিত্য প্রয়োজন। এটি লেখক, পাঠক, প্রকাশক এবং সামগ্রিক সাহিত্য-সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ।
এআইয়ের যুগে লেখালেখির প্রকৃত প্রতিভা ও সাহিত্যিক নতুনত্ব চিহ্নিত করার জন্য সমালোচনা সাহিত্য প্রয়োজন। বর্তমানে লেখকের এমন বিরোধপূর্ণ আচরণে ধারণা করা যায়, আগামীর সাহিত্য হবে অস্তিত্বহীন। সমালোচনা সাহিত্যে আমাদের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, পুনশ্চ এই ধারণা ভুল প্রমাণিত করা আজকের জন্য বেশ কষ্টসাধ্য। যার লেখার সমালোচনা করা হয়, সেই লেখক এবং তার অনুসারীরা ব্যক্তিগত আক্রমণ করবেন, এই সমস্ত বাধা মাড়িয়ে টিকে থাকা একজন লড়াকু সাহিত্যিকের পরিচয়। সমস্ত অনীহা জলাঞ্জলি দিয়ে একটি সুসাহিত্য গড়ে তোলা আমাদের অঙ্গীকার।
সুস্থ সমালোচনা সংস্কৃতির পরিচয় হলো, এখানে লেখক, সমালোচক ও পাঠক—কেউই প্রশ্নের ঊর্ধ্বে নন। কিন্তু সাহিত্যকর্মের মান, মৌলিকত্ব, শিল্পসৌন্দর্য ও সীমাবদ্ধতা নিয়ে নিয়মিত আলোচনা না হলে সাহিত্যচর্চা নিজের অর্জন ও দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারায়। যে সাহিত্যাঙ্গনে শুধু লেখার চর্চা হয়, সেখানে সৃষ্টি থাকে; আর যে সাহিত্যাঙ্গনে লেখার পাশাপাশি যুক্তিনির্ভর মূল্যায়ন, আত্মসমালোচনা ও মুক্ত বিতর্কের চর্চা হয়, সেখানে সাহিত্যের বিকাশের আরো বিস্তৃত সুযোগ তৈরি হয়।
সমালোচনাহীন সাহিত্যাঙ্গনে আত্মতৃপ্তি বাড়ে, আত্মমূল্যায়ন নয়। আধুনিক সাহিত্যিকরা এটি উপলব্ধি করতে পারলেও পেছনেই রয়েছেন। এর কারণ চৌর্যবৃত্তিকারীরা মুখের তোড়ে খই ফোটান।
কবি-লেখক যখন নিজের উন্নতি ও লেখা সমৃদ্ধ করার পথে হাঁটবেন, তখন সমালোচনা নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে পারবে। তাই আমাদের হিংসার সংস্কৃতি প্রত্যাহার করে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। অবশ্য এতে সমালোচনা হতে হবে যুক্তিযুক্ত।