ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন ২০২৬ সালের বুকার পুরস্কার পেয়েছেন তার ১৩তম উপন্যাস ‘The End of Everything’-এর জন্য। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারজয়ী লেখক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি। উপন্যাসটি মানবিক উপলব্ধির সীমাবদ্ধতা, তথ্যের বিভ্রান্তি এবং বিপর্যস্ত সমাজে মানুষের টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে রচিত এক ব্যতিক্রমী ডিস্টোপিয়ান স্যাটায়ার।
১৬ নভেম্বর লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যারিসনের হাতে পুরস্কারের ট্রফি ও ৫০ হাজার পাউন্ড হিসেবে ৮২ লাখ টাকা অর্থমূল্য তুলে দেন ২০২৫ সালের বুকারজয়ী লেখক ডেভিড স্যালজাই। ছয়টি উপন্যাসের শর্ট লিস্ট থেকে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচিত হয় ‘The End of Everything’।
২০২৬ সালের বুকার পুরস্কারের বিচারক প্যানেলের নেতৃত্বে ছিলেন ক্লাসিক সাহিত্যবিশারদ, লেখক ও সম্প্রচারক মেরি বিয়ার্ড। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন কবি ও শিক্ষাবিদ রেমন্ড অ্যান্ট্রোবাস, সংগীতশিল্পী ও লেখক জার্ভিস ককার, সাংবাদিক ও সমালোচক রেবেকা লিউ এবং বুকার মনোনীত লেখক প্যাট্রিসিয়া লকউড। এবারের পুরস্কারের জন্য বিচারকেরা মোট ১৬৩টি উপন্যাস বিবেচনা করেন। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার কথাসাহিত্য ছিল বিবেচনার আওতায়।
‘The End of Everything’ উপন্যাসের পটভূমি এক রহস্যময় বিপর্যয়-পরবর্তী ব্রিটেন। অজ্ঞাত এক বিপর্যয়ে পরিচিত ব্রিটিশ সমাজব্যবস্থা ভেঙে পড়েছে। এমন এক পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট উপকূলে এক ভবঘুরে স্বভাবের ব্যক্তি ও তার অস্ত্রধারী খালা কোনোমতে জীবন কাটানোর চেষ্টা করেন। তাদের চারপাশে রয়েছে রহস্যময় ভিনগ্রহের প্রাণীর আগমন, অনিশ্চিত ভবিষ্যৎ এবং বাস্তবতাকে বোঝার এক অন্তহীন সংকট।
উপন্যাসটির অন্যতম বৈশিষ্ট্য হলো, লেখক ইচ্ছাকৃতভাবেই বিপর্যয়ের কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অনেক ব্যাখ্যা অনুল্লেখিত রেখেছেন। ছোট ছোট চলচ্চিত্রধর্মী অধ্যায়ে এগিয়ে যাওয়া আখ্যানটি প্রচলিত সাহিত্যিক কাঠামোকে ব্যবহার করেও তা ভেঙে দেয়। ফলে পাঠককে চরিত্রগুলোর মতোই বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গল্পের অর্থ খুঁজে নিতে হয়।
হ্যারিসন নিজেই জানিয়েছেন, বর্তমান সময়ের তথ্যের অবিরাম প্রবাহ, সেই তথ্য বোঝার প্রয়োজনীয় উপকরণের অভাব এবং সমালোচনামূলক চিন্তার সংকটকে ব্যঙ্গ করাই ছিল উপন্যাসটির অন্যতম উদ্দেশ্য। তার ভাষায় ‘The End of Everything’ এমন একটি বিপর্যয়ের গল্প, যেখানে বিপর্যয়টি আসলে কোনো কিছু বুঝতে না পারার ব্যর্থতা।
বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড উপন্যাসটিকে চ্যালেঞ্জিং পাঠ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ভালো কথাসাহিত্যের একটি বড় অংশই পাঠকের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তিনি বলেন, ‘বইটি পাঠককে ওলটপালট করে দেয়, একই সঙ্গে হাসির খোরাক জোগায় এবং বিষয়বস্তুর ভয়াবহতা সত্ত্বেও আশাবাদের আভাস রেখে যায়।’
প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে এম জন হ্যারিসন ১৩টি উপন্যাস, পাঁচটি ছোটগল্পের সংকলন এবং একটি ব্যতিক্রমী আত্মস্মৃতিমূলক গ্রন্থ রচনা করেছেন। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সাহিত্যের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক থাকলেও তিনি নিজেকে এসব নির্দিষ্ট সাহিত্যিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন না। বুকার কর্তৃপক্ষ তাকে ধারার সীমানা অতিক্রমকারী এবং স্বতন্ত্র চিন্তার অধিকারী লেখক হিসেবে অভিহিত করেছে। বুকার পুরস্কারের প্রধান নির্বাহী গ্যাবি উডের মতে, ‘প্রকৃত বিজ্ঞান কল্পসাহিত্যের জগৎ থেকে উঠে আসা প্রথম বুকারজয়ী লেখক হ্যারিসন।’
সূত্র : বুকার প্রাইজ ফাউন্ডেশন
গ্রন্থনা : সিয়াম আন নুফাইস