১৩ সেপ্টেম্বর ১৯০৪ : প্রখ্যাত সাহিত্যিক, ভ্রামণিক ও বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন। ভ্রমণকাহিনি, ছোটগল্প, উপন্যাস ও রম্যরচনার জন্য তিনি বাংলা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেন। তিনি নরসিংহ দাস পুরস্কার, আনন্দ পুরস্কার এবং মরণোত্তর একুশে পদক লাভ করেন। ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
১৫ সেপ্টেম্বর ১৯৪৭ : তমদ্দুন মজলিস ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে। পুস্তিকাটিতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ববাংলায় শিক্ষার মাধ্যম ও অফিস-আদালতের ভাষা করার দাবি তুলে ধরা হয়।
১৭ সেপ্টেম্বর ১৮৪৮ : পঞ্চানন বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘সংবাদ অরুণোদয়’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। উনিশ শতকের বাংলা সংবাদপত্রের বিকাশপর্বে প্রকাশিত এই পত্রিকা সমকালীন জনজীবন ও সমাজ-সংক্রান্ত বিষয়কে মুদ্রিত সংবাদচর্চার পরিসরে নিয়ে আসার ধারাকে সমৃদ্ধ করে।
১৭ সেপ্টেম্বর ১৯৬২ : শরীফ শিক্ষা কমিশনের গণবিরোধী ও বৈষম্যমূলক রিপোর্টের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে ছাত্রসমাজ প্রদেশব্যাপী হরতাল এবং বিক্ষোভ পালন করে। ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিবর্ষণে হতাহতের ঘটনা ঘটে। শিক্ষার অধিকার ও গণমুখী শিক্ষানীতির দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন-পরবর্তীকালে ‘বাষট্টির শিক্ষা আন্দোলন’ নামে পরিচিত হয় এবং ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়।
১৭ সেপ্টেম্বর ২০০৫ : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। দেশের প্রথম বাণিজ্যিক কয়লাখনি হিসেবে বড়পুকুরিয়া বাংলাদেশের জ্বালানি ও খনিজসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লার ব্যবহারের ভিত্তি গড়ে তোলে।
১৭ সেপ্টেম্বর ২০০৬ : ঢাকার মুক্তাঙ্গনে ২৩টি হিন্দু ধর্মীয় সংগঠনের সমন্বয়ে ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’ প্রতিষ্ঠিত হয়।
১৮ সেপ্টেম্বর ২০২০ : প্রখ্যাত আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক শাহ আহমদ শফী মৃত্যুবরণ করেন। কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি আদায়েও নেতৃত্ব দেন। ২০১৩ সালে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে, ঈমান ও দেশরক্ষা আন্দোলনের সূচনা হয়েছিলো তার হাতে। এই আন্দোলনে ঢাকার শাপলা চত্বরে ৫ই মে রাতে গণহত্যা চালায় স্বৈরাচারী শেখ হাসিনা ও তাকে অবরুদ্ধ করে রাখে। ১৯৩০ সালের ৫ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে তাঁর জন্ম।
গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম