রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার মধ্যে এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকারের সভাপতিত্বে এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের এই কার্যক্রম মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছিল। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ প্রক্রিয়াকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
আইনমন্ত্রী জানান, তৃণমূল পর্যায় থেকে মামলা যাচাই-বাছাইয়ের জন্য গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জেলা পর্যায়ের এই কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের (পিপি) মতামত পর্যালোচনা করে থাকে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা আছে কি না—এসব দিক পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা মামলা প্রত্যাহারের সুপারিশ পাঠায়।
তিনি আরো উল্লেখ করেন, জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা ও মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার উদ্দেশ্যে গত ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পষ্ট করেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে মামলা প্রত্যাহারের নতুন আবেদন এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা রাজনৈতিক হয়রানিমূলক প্রতীয়মান হলে, তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।