হোম > জাতীয়

৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন নমিনি

অর্থনৈতিক রিপোর্টার

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরো জনবান্ধব, যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদের চতুর্থ সভায় গ্রাহকদের বিনিয়োগের মুনাফা বৃদ্ধির পাশাপাশি পেনশনারের মৃত্যুর পর নমিনির সুবিধা বৃদ্ধি এবং বহুল প্রতীক্ষিত শরিয়াহভিত্তিক ইসলামিক ভার্সন চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কোম্পানির কর্মীদের ‘প্রগতি’ স্কিমের আওতায় আনার মতো যুগান্তকারী পদক্ষেপে আরো বিস্তৃত হচ্ছে সর্বজনীন পেনশন পরিধি।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান।

মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ

পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের বিনিয়োগ থেকে ১১ শতাংশের বেশি মুনাফা হয়েছে। চূড়ান্ত হিসাবে মুনাফার হার দাঁড়িয়েছে ১১.৭২ শতাংশ। সভায় এই মুনাফা প্রদানের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

আসছে শরিয়াহভিত্তিক ইসলামিক ভার্সন

সভায় সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর অনুমোদন দেওয়া হয়েছে। ড. সুরাতুজ্জামান বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন অনুমোদন হয়েছে, এটি ইনশাল্লাহ খুব দ্রুত চালু হবে।’ তিনি জানান, শরিয়াহভিত্তিক স্কিমের কাঠামো ও পরিচালন পদ্ধতি নির্ধারণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও স্থানীয় পরামর্শকরা কাজ করছেন। অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিধিমালা প্রণয়নের মাধ্যমে এটি কার্যকর করা হবে।

নমিনির পেনশন সুবিধা ৮০ বছর পর্যন্ত

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সর্বজনীন পেনশন স্কিমে পেনশনারের মৃত্যুর পর তার স্পাউস বা নমিনি পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করা হয়েছে। ড. সুরাতুজ্জামান বলেন, পেনশনার আজীবন পেনশন পাবেন এবং তার মৃত্যুর পর নমিনি বা স্পাউস ৮০ বছর বয়স পর্যন্ত এ সুবিধা ভোগ করবেন।

৫৫ বছর বয়সে পেনশন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

পেনশন শুরুর বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার বিষয়ে সভায় আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাহী চেয়ারম্যান জানান, অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে বিশেষজ্ঞ নিয়োগের পর তার সঙ্গে আলোচনা করে পরবর্তী গভর্নিং বডিতে বিষয়টি পুনরায় উপস্থাপন করা হতে পারে। বর্তমান নিয়মে পেনশন শুরুর বয়স ৬০ বছরই বহাল রয়েছে।

সরকারি কোম্পানির কর্মীরা আসবেন ‘প্রগতি’ স্কিমে

ডাক বিভাগ ছাড়া সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে কর্মরত—যারা এখনো কোনো পেনশন স্কিমের আওতায় আসেননি, তাদের সর্বজনীন পেনশনের ‘প্রগতি’ স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত এ-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে।

ইউডিসির প্রণোদনা বৃদ্ধি

সর্বজনীন পেনশন স্কিমে নতুন নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকগুলোর কমিশন বা প্রণোদনা প্রতি নিবন্ধনে ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। বিদেশে যাওয়ার আগে সরকারি ব্যবস্থার মাধ্যমে গমনকারী কর্মীদের ডিপার্চার ওরিয়েন্টেশনের সময় ‘প্রবাস’ স্কিম সম্পর্কে ধারণা দেওয়া এবং লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া স্বাস্থ্যবীমা চালুর বিষয়ে এবং পেনশন তহবিল থেকে ঋণ দেওয়ার বিষয়ে ঝুঁকি ও লাভজনকতা পর্যালোচনার জন্য অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণ করার সিদ্ধান্ত হয়েছে। আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে সরকারি অডিটের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের মাধ্যমেও অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এআই’র অপব্যবহার রোধে উদ্যোগ নেবে সরকার

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ক্রসফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা আসলে পুলিশ কিচ্ছু করতে পারবে না’ বলা সেই ওসি ডিবি হেফাজতে

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু