হোম > জাতীয়

গুলিস্তানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির চারজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে। পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পর উচ্ছেদকৃত মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সরাসরি উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।’

হকারদের সতর্ক করার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার জন্য বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গেও একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও পুনরায় বসে পড়ায় এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।’ এই উচ্ছেদ ও দখলমুক্তকরণ অভিযান একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।

পথচারীদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই অভিযান সামনেও অব্যাহত থাকবে।

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশি মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গড়ছে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ জন যাত্রী

অফিসকক্ষে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে জাপানকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

‘ভারতে আন্দোলনকারীদের দমন করা হলেও বাংলাদেশের মতো গুম-খুন করা হচ্ছে না’

ঘোষণা দিয়েও যে কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদিয়া এয়ারলাইন্স