রাজধানীতে একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য এই বৃষ্টি যেন স্বস্তির পরশ হয়ে এসেছে। শনিবার (১৩ জুন) দুপুর ১২টা থেকে রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর পৌনে ২টার দিকে শুরু হয় ভারি বৃষ্টি।
প্রায় আধা ঘণ্টার টানা বৃষ্টিতে তাপমাত্রা কমলেও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।