চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্প্রতি সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীকে।
রাষ্ট্রপতির আদেশে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের নিকট মজুদ ত্রাণসামগ্রী এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়নের বিষয়গুলো সমন্বয় ও তদারকি করবেন। উপযুক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বাহিনীগুলোর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া ও সমন্বয় সাধন নিশ্চিত করবেন তিনি। এ ছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত কার্যক্রম গ্রহণ ও তত্ত্বাবধান এবং বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবেন বলে জানানো হয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এএস