রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের মাঠে (পুরাতন বাণিজ্যমেলার মাঠ) সোমবার বিকালে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেলগুলো নাশকতার উদ্দেশ্যে জড়ো করা হয়েছে বলে ধারণা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)।
এসআরবি-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নায়মুর হাসান জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে অভিযানে যায় এসআরবির একটি দল। সেখানে ২০টির বেশি ককটেল ও পেট্রোলবোমার সন্ধান পাওয়া গেছে। এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসআরবির কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয় স্মরণী মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে শেরেবাংলানগর থানা পুলিশের একটি টিম। থানার ওসি জানান, ককটেলগুলো কারা কী উদ্দেশ্যে জড়ো করেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।