হোম > জাতীয়

আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)। এতে স্বাগত বক্তব্য দেন সোসাইটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম এবং নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব ডা. মো. আদনান হাসান মাসুদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে বরাদ্দের ব্যবস্থা করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, রোগীদের সেবায় দেশের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকরা সবসময় সাড়া দেন। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হলেও সীমিত জনবল নিয়েই তারা নিরলসভাবে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বদরবারে আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি এবং পারব। স্বাস্থ্য খাতে ইতোমধ্যে আমরা অগ্রগতি অর্জন করেছি। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা আমরা দৃশ্যমানভাবে তুলে ধরতে পারব।

চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ পরিস্থিতি: শফিকুল আলম

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ জরুরি: সাখাওয়াত

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু একজনের