ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। একই দিন পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদেরা অংশ নেবেন।
সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি ঝুঁকি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা হবে।