সরকার দলীয় সংসদ সদস্য (হবিগঞ্চ-১) রেজা কিবরিয়াকে সভাপতি করে অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।
ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সরকারদলীয় সদস্য নিপুণ রায় চৌধুরীর বদলে ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির এমপি জাহিদুর রহমানকে নেওয়া হয়েছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সদস্য শাহাদাত হোসেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে বাদ দিয়ে শরীয়তপুর-২ আসনের বিএনপি দলীয় এমপি সফিকুর রহমান কিরণকে যুক্ত করা হয়েছে।
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। এর মধ্যে ৪৬ টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাকী ১০টি বিষয়ভিত্তিক।
অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় সদস্য হিসেবে রয়েছেন— ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), আবদুল আজিজ (নাটোর-৪), মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), রবিউল আওয়াল (টাঙ্গাইল-৬), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), বিএনপির সংরক্ষিত আসনের এমপি শাম্মী আক্তার, বিরোধী দলের সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম খান ও মাসুদ পারভেজ।