হোম > জাতীয়

মহাখালীর কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তিতে অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কড়াইল বস্তির এরশাদ মাঠে এই প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।

অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে জনসাধারণের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বস্তিবাসীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ মহড়ায় অগ্নিনির্বাপণের ব্যবহারিক কৌশল প্রদর্শনের পাশাপাশি তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় প্রথমে স্বাভাবিক জীবনযাত্রা প্রদর্শনের পর আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। জরুরি সংবাদ পাওয়ার পরপরই তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত ও বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারের পাশাপাশি তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গুরুতর আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানোর দৃশ্যও মহড়ায় ফুটিয়ে তোলা হয়।

অগ্নিনির্বাপণ কার্যক্রমের সমন্বয় ও পরিচালনার জন্য ঘটনাস্থলে একটি কমান্ড পোস্ট স্থাপন করা হয়। পরিস্থিতি মূল্যায়ন, উদ্ধার কার্যক্রম পরিচালনা, অগ্নিনির্বাপণ কৌশল প্রয়োগ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জরুরি সাড়াদান কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।

মহড়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল স্থানীয় বাসিন্দাদের সরাসরি প্রশিক্ষণে সম্পৃক্ত করা। এ সময় বস্তিবাসীদের অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার, আগুন লাগলে প্রাথমিক করণীয় এবং এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিরাপদে নিয়ন্ত্রণের ব্যবহারিক কৌশল শেখানো হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন, দ্রুত সাড়া দেওয়া এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহযোগিতা করার বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস সিলিন্ডারের অসতর্ক ব্যবহার ও রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়।

মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ করেন। এ সময় আগুনসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগের আহ্বান জানিয়ে প্রচার চালানো হয়।

পাশাপাশি বস্তির বিভিন্ন স্থাপনায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয় এবং স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করা হয়, যাতে জরুরি প্রয়োজনে বাসিন্দারা সহজেই নম্বরটি শনাক্ত করতে ও ব্যবহার করতে পারেন।

মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এ সময় ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার মো. তানহারুল ইসলাম, ফয়সলুর রহমান ও মো. আব্দুল মান্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শীত ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় কড়াইল বস্তিতে পরিচালিত এ মহড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতা তৈরি করবে। জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তোলার মাধ্যমে নিরাপদ ও দুর্যোগসহনশীল নগর গড়ে তুলতে ফায়ার সার্ভিসের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরাম

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নতুন বিওপি

পাঁচ দিনের যৌথ বিমান মহড়া শেষ করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

এইচএসসিতে শূন্য পাস, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ; অধ্যক্ষদের জরুরি তলব

এনসিপি থেকে সামান্তার পদত্যাগের পর যা বললেন তাসনিম জারা