হোম > জাতীয়

ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলপথমন্ত্রী

সংসদ রিপোর্টার

বাংলাদেশে রেলওয়ের অধীনে এ বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক পৃথক প্রশ্নের জবাবে এ কথা জানান রেলপথমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এ বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০ ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।

বিএনপির এমপি মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্তমানে দেশে ৩,৪২৮.০৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ এক হাজার ৫৯১.৪৩ কিলোমিটার, ব্রডগেজ এক হাজার ৬৬.৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০.০৬ কিলোমিটার। এছাড়াও বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবতার নিরিখে ব্রডগেজ এবং ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে।

সরকার দলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু আছে। ভারত থেকে কোচসমূহ আসা শুরু হলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির জন্য অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান আছে।

শীঘ্রই এসি বাসের ভাড়া তালিকা তৈরি হবে

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, শীঘ্রই এসি বাস/মিনিবাসের ভাড়া তালিকা তৈরি করা হবে। সেটি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকার দলীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে দেশের সড়ক/মহাসড়কে চলাচলরত গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান ও গতি সহজে পর্যবেক্ষণ করা যাবে। ফলে সড়কে যত্রতত্র থামানো ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এছাড়াও কোন গণপরিবহন সড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তার রেকর্ড সংরক্ষণ হবে এবং সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি ক্রয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রয় কার্যক্রমে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ের জন্য ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আইন ও বিধির আলোকে কোন ব্যক্তি বা ক্রয়কারী সংস্থার কর্মকর্তা/কর্মচারী পেশাগত অসদাচরণে জড়িত হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই প্রক্রিয়ায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।

বস্ত্র ও পাট খাতে উন্নয়ন

সরকার দলীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু আছে। বন্ধ পাটকলগুলি চালু করার পরিকল্পনা রয়েছে।

২০২০ সালের ১ জুলাই সরকারি ব্যবস্থাপনায় বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা ভিত্তিতে পুনঃচালুর সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে ১৪টি মিলের ইজারা শেষ হয়েছে, যার মধ্যে ৯টি মিল চালু হয়েছে। অবশিষ্ট ৬টি মিল ইজারা প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলছে, ৩টির বিপরীতে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, ১টির বিপরীতে আগ্রহী প্রতিষ্ঠানের প্রস্তাব মূল্যায়ণ চলছে, ১টির ইওআই আহ্বান করা হয়েছে এবং ১টির ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন। বাকী মিলগুলোও সরকার ঘোষিত ৩১ দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার আশা রয়েছে।

পাট ও পাটপণ্য রপ্তানি

সরকার দলীয় এমপি মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ৩০টি দেশে পাট ও ১৩৮ দেশে পাটপণ্য রপ্তানি করা হয়েছে। এরমধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৪২,০৩৯ মেট্রিক টন এবং চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ২২,৮৫০ মেট্রিক টন কাঁচাপাট রপ্তানি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সাত লাখ ৫১,৭৩৯ মেট্রিক টন এবং চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ৪,০৯,৩৬৬ মেট্রিক টন পাটপণ্য রপ্তানি হয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উদ্যোগ

সরকার দলীয় এমপি এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং নির্যাতিত নারীদের সাময়িক অবস্থানের জন্য ‘সেইফ হোম’ রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টোলফ্রি হেল্পলাইন-১০৯ এর মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮,৭০,৮১৪৯টি কলে সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত ৮০,৩৯৫ জনকে চিকিৎসা, আইনী, পুলিশি ও মনোসামাজিক কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৩৭টি ওসিসি স্থাপন করা হবে। বর্তমানে ৬৭টি ওসিসির মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১,৬৬,৫৭০ জন নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে। দেশে ৭টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত ৪০,৪০৫ নমুনার ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে।

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না

বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ মালয়েশিয়ার

জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে ‘ফুয়েল পাস’ অ্যাপ কার্যক্রম শুরু

‘জঙ্গি এমপি’ অপবাদে সংসদে বিশেষ অধিকারের নোটিশ

বিলের আলোচনায় কম সময় দেওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ

বাতিল হলো অন্তর্বর্তী সরকারের মানবাধিকার অধ্যাদেশ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইলেকশন দেখাতে চাই: সিইসি

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র আইনে ১০ বছরের কারাদণ্ড

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের লাশ ঢাকায়