হোম > জাতীয়

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বা সদস্যদের বক্তব্য বিকৃত, বিভ্রান্তিকর কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংস্থার কার্যক্রমসংক্রান্ত তথ্য ও বক্তব্যের জন্য মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি দুটি মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নিহতদের সহমর্মীদের প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন উপযুক্ত প্রতিনিধির বক্তব্য কয়েকটি পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে অনুমিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে অসৎ উদ্দেশ্যে প্রকাশিত এ ধরনের কিছু সংবাদ সংস্থাটির দৃষ্টিগোচর হয়েছে।

এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কোনো কোনো গণমাধ্যম ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার নামে বক্তব্য উপস্থাপন করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তার বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করা হয়েছে। এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠকপ্রিয়তা, প্রচারসংখ্যা বা ভিউ বৃদ্ধির প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা কোনোভাবেই উপেক্ষিত হওয়া উচিত নয়। বিশেষ করে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা এ ধরনের স্পর্শকাতর ঘটনায় যাচাইবিহীন, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য প্রচার জনমনে অযথা আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এমনকি তা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থার প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কোনো ধরনের অপতথ্য, বিভ্রান্তি কিংবা দায়িত্বহীন কর্মকাণ্ডের সঙ্গে সংস্থার নাম জড়িয়ে দেওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা একান্তভাবে কাম্য।

এ অবস্থায় সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো কর্মকর্তা বা সদস্যের বক্তব্য গ্রহণ কিংবা সংস্থার কার্যক্রমসংক্রান্ত তথ্য ও বক্তব্যের জন্য সংস্থার মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিশেষ করে কোনো দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত ও উদ্ধার অভিযানে নিয়োজিত সদস্যদের অপ্রয়োজনীয়ভাবে সাক্ষাৎকার প্রদান বা সংবাদমাধ্যমের সামনে আসার জন্য অনুরোধ কিংবা প্ররোচিত না করার আহ্বান জানানো হয়েছে। এতে উদ্ধারকাজে নিয়োজিত জনবলের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার জন্য নির্ধারিত জনবল ও সময়ের অপচয় হওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে অবগত নন—এমন কোনো কর্মকর্তা বা সদস্যের কাছ থেকে বক্তব্য গ্রহণ না করে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে অবহিত ব্যক্তির বক্তব্য নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রকাশিতব্য বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রদানের যথাযথ কর্তৃত্ব নিশ্চিত করে সংবাদ পরিবেশনের জন্যও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। সংস্থাটি গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে এবং সংস্থাটিকে কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়ানো থেকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রমের নির্বিঘ্নতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা একান্তভাবে কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণে সরকার আন্তরিক: মাহদী আমিন

নড়াইলের রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা বন্ধের আহ্বান

কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

সোমবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের জন্য জরুরি নির্দেশনা

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির