হোম > জাতীয়

নির্বাচনে পুলিশের কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পুলিশের কাজে কোন দল বা ব্যক্তির প্রতি যেন কোন দুর্বলতা প্রকাশ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন যেন গোপন তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার আরো বলেন, নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম জোরদার করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি)বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরো বলেন, সেবা প্রত্যাশীদের কথা বিবেচনা করে থানা ভবনগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুততম সময়ে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে। কোন নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ফিন্যান্স, লজিস্টিকস ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান, আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক, সকল যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হৃদ্‌রোগীর দ্রুত চিকিৎসায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের প্রস্তাব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৩৫

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী