প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে দেশের সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবাকে ‘মাইগভ’ (MyGov) প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান এবং আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
প্রচলিত ব্যবস্থায় একজন সেবাগ্রহীতাকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পেতে ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হওয়া লাগত। আবেদন দাখিল, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ এবং সনদ সংগ্রহসহ সবকিছুই হতো ম্যানুয়াল পদ্ধতিতে। একটি সেবা গ্রহণের জন্য বারবার যাতায়াতের ফলে অতিরিক্ত অর্থ ও সময় অপচয়ের পাশাপাশি সেবাগ্রহীতাদের বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হতো।
এরই পরিপ্রেক্ষিতে সফল পাইলটিং শেষে অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ মাসে সংশ্লিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে তিনটি সেবা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৬৩ ধরনের নাগরিক সেবা পর্যালোচনা ও বিশ্লেষণ করে ডিজিটালাইজেশনের জন্য ১৯টি মৌলিক সেবা চিহ্নিত করা হয়।
চিহ্নিত এসব সেবার বিপরীতে বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য তৈরি করা হয় ১৮৫টি অনলাইন আবেদন ফরম। পরবর্তীতে ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সাতটি অঞ্চলভিত্তিক ভ্যালিডেশন কর্মশালার মাধ্যমে অনলাইন আবেদন ফরম, সেবা ফি, সেবার কার্যপ্রবাহ এবং টেমপ্লেট যাচাই ও চূড়ান্ত করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।