হোম > জাতীয়

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

স্টাফ রিপোর্টার

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সার্বিক প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, গার্মেন্টস খাতকে ঘিরে চলমান যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার রয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে পোশাক খাতের মালিক ও শ্রমিকদের সৌহার্দ্যপূর্ণ একই পরিবেশে দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, এ আয়োজন গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, ক্ষতিকর রাসায়নিকের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা এখন সময়ের দাবি। এসব গবেষণার ফলাফল আগামী দিনে কার্যকর শ্রমনীতি প্রণয়ন ও কারখানা পরিদর্শন কার্যক্রম জোরদারে সহায়তা করবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে সরকার, মালিক, শ্রমিক ও গবেষকদের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে শ্রমিক অসন্তোষকে আড়াল করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করতে চায়। জাতীয় অর্থনীতির মূল ভিত্তি এই তৈরি পোশাক খাত রক্ষা করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে। প্রণীত ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আগের প্রথা ভেঙে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সদস্যরা দ্রুত একটি ন্যায়সংগত ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং শ্রমিক নেতা আনোয়ার হোসাইনসহ দেশি-বিদেশি গবেষক ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

বাড়িতে হামলা-অগ্নিসংযোগে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসু নেতা মুসাদ্দিক

হামের উপসর্গে একদিনে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮

মৎস্য খাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আট দিন সাগরে ভাসিয়ে ৬৫ যাত্রীকে রেখে পালাল পাচারকারী চক্র

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ