সরকারি কর্মচারীদের মূল বেতনের শতাংশের ভিত্তিতে প্রচলিত বিভিন্ন ভাতা নির্ধারণ ও পরিশোধের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুন আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।
এতে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীদের প্রচলিত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুন আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।