এই ঈদে নিজেকে সাজাতে কিশোরী-তরুণীদের ভিড় এখন বিভিন্ন পার্লারে। রূপসচেতন সব বয়সি নারীকে সেবা দিতে বিউটিশিয়ানদের ব্যস্ততাও চোখে পড়ার মতো। ঈদের দিন অন্যদের সামনে সুন্দর করে উপস্থাপন করতে কারোই চেষ্টার কমতি নেই।
গতকাল সরেজমিনে ছোট-বড় কয়েকটি পার্লার ঘুরে দেখা গেছে, ঈদ আনন্দ পরিপূর্ণ করে তুলতে তরুণ-তরুণী থেকে মধ্যবয়সি, এমনকি বয়স্করাও ভিড় করছেন সেখানে। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, ব্রণ ট্রিটমেন্ট, স্পা, মেনিকিউর-পেডিকিউরসহ নানা ধরনের সেবা গ্রহণ করেছেন রূপসচেতন নারীরা। তরুণীদের পাশাপাশি তরুণরাও ছুটছেন জেন্টস পার্লারগুলোতে। ক্রেতাদের সুবিধার্থে সব পার্লার খোলা থাকছে সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত।
রাজধানীর জেন্টস পার্লারগুলোতেও যথেষ্ট ভিড় দেখা গেছে। পারসোনা এডামস, হেয়ারোবিকস গ্রুমিং পার্লার, হাবিব আলভিরাজ বিউটি কেয়ারসহ ছোট-বড় পার্লারে চুল কাটা, শেভ, ফেসিয়ালসহ নানা ধরনের সেবা নিচ্ছেন ছেলেরা। পারসোনা এডামসে চুল কাটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীরব গাজী। তিনি জানান, শেভ করার পাশাপাশি হারবাল ফেসিয়ালও করিয়েছেন। এই কাজগুলো করতে তার গুনতে হয়েছে পাঁচ হাজার টাকা।
রাজধানীর ফার্মগেট এলাকার মনিপুরীপাড়ার বাসিন্দা পলি খান বলেন, আগে নিজে নিজেই বাসায় রূপচর্চা করতেন। এখন কর্মব্যস্ততার কারণে সময় বের করতে পারেন না। তাই ত্বক পরিচর্যায় তিনি বেছে নিয়েছেন পার্লার-সেবা।
ধানমন্ডির রিমু মোজাম্মেল বলেন, এবার ঈদে চুলের সাজে ভিন্নতা আনতে হেয়ার রিবন্ডিং করিয়েছেন। খরচ পড়ছে পাঁচ হাজার টাকা। ফ্রেশ লুল আনতে ফেসিয়ালও করাবেন তিনি। সে সঙ্গে পেডিকিউর-মেনিকিউর তো আছেই।
মনিপুরীপাড়া এলাকার নাঈমা বিউটি পার্লারে সব গ্রাহকের জন্য রেখেছেন হেয়ার রিবন্ডিংয়ের সঙ্গে ফেয়ার পলিশ, চুল কাটার সঙ্গে মেহেদি পরানো ও ফেসিয়ালের সঙ্গে ভ্রু-প্লাক ফ্রি। ঈদ উপলক্ষে এখানে হেয়ারকাট প্যাকেজে লং লেয়ার ও শট লেয়ার কাট ২৫০ টাকা এবং বলিয়ম লেয়ার ৩০০ টাকা। হেয়ার রিবন্ডিং তিন হাজার থেকে ১০ হাজার টাকা, খোঁপা ১৫০ থেকে ৫০০ টাকা, বেণী পাম ৩০০ থেকে এক হাজার টাকা নেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে হারমনি স্পাতে ভেষজ স্পা থেরাপি দেওয়া হচ্ছে। এর তিনটি প্যাকেজের দাম পড়ছে দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের তিনটি প্যাকেজ রয়েছে, যার দাম পড়বে দুই হাজার ৫০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত।
বিউটি পার্লার পারসোনা ধানমন্ডি শাখার সিনিয়র বাঞ্চ ম্যানেজার রেশমা আক্তার আমার দেশকে বলেন, ঈদে নিজেকে পরিপাটি করে সাজাতে রূপসচেতন নারীরা পার্লারে আসছেন। প্রতিদিন ক্রেতার ভিড় সামলাতে সেবাকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। টিকিট কেটে সেবা নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। প্রতিদিন পারসোনার ধানমন্ডি শাখায় ৩০০ থেকে ৪০০ ক্রেতা চুল কাটা, ভ্রু-প্লাগ, মেহেদি দেওয়া থেকে শুরু করে ফেসিয়াল করতে ভিড় জমাচ্ছেন। ক্রেতারা সব সময় যে ফেসিয়াল করেন,সেটির নাম ‘কুইক ফেসিয়াল’। এটি ১৫ দিন পরপর করতে হয়। এটির মূল্য ৭০০ টাকা। মেহেদির রঙে হাত রাঙাতেও সব বয়সি ক্রেতা ভিড় করেন পার্লারে।
পারসোনা বিউটি পার্লারে নারীরা হারবাল ফেসিয়াল করেন। এই ফেসিয়াল আবার কয়েক ধরনের রয়েছে। তার মধ্যে একটি অক্সি ফেসিয়াল। এই ফেসিয়ালগুলো করাতে ক্রেতাদের গুনতে হবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা। এছাড়াও ক্রেতারা পেডিকিউর-মেডিকিউর, রিবন্ডিং, হেয়ার স্টেট, মেহেদিতে হাত রাঙানোসহ অন্যান্য সেবা পাবেন ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে।