জন্মের পর থেকেই ঠিকানা ছিল খোলা আকাশের নিচে; ছিল না নিরাপদ আশ্রয় বা চিকিৎসার নিশ্চয়তা। প্রায় এক সপ্তাহ আগে শীতের রাতে অস্থায়ী আশ্রয়ে একটি ছেলে সন্তানের জন্ম দেন মানসিক ভারসাম্যহীন পারভীন বেগম (২৪)। সন্তানের বাবার পরিচয়ও অজানা। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতকের ঠাঁই হয়েছে ইছামতি সরকারি আশ্রয় প্রকল্পের ১৮ নম্বর কক্ষে।
ঘটনাটি সিলেটের ওসমানীনগর উপজেলার। প্রায় এক সপ্তাহ আগে দয়ামীর-দেওয়ানবাজার সড়কের প্রবেশমুখে আতাউল্লাহ চাইল্ড হোম কিন্ডারগার্টেন স্কুলের বিপরীতে একটি পরিত্যক্ত বালুর মাঠে সিমেন্টের বস্তা দিয়ে চারপাশ আড়াল করে তৈরি করা অস্থায়ী আশ্রয়ে সন্তান প্রসব করেন পারভীন। তবে জন্মের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মা ও নবজাতকের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে কেউ অবহিত করেননি।
সরেজমিনে দেখা যায়, শীতের সন্ধ্যায় লাল কম্বলে মোড়ানো নবজাতককে বুকে জড়িয়ে রাতের খাবার রান্না করছেন পারভীন। সন্তানের বাবার পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে মুচকি হাসেন, আবার কখনো শিশুটিকে আড়াল করার চেষ্টা করেন। পাশে বসে থাকা নানি আফিয়া বেগমের পরনেও শীতের ছেঁড়া কাপড় দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারভীন ও তার মা আফিয়া বেগম দীর্ঘ দুই যুগ ধরে দয়ামীর, চকবাজার ও কুরুয়াসহ বিভিন্ন বাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। দিনের বেলা পরিত্যক্ত বালুর মাঠে থাকলেও রাতে দয়ামীর বাজারের বিভিন্ন মার্কেটের সামনে কাটত তাদের সময়। প্রায় পাঁচ থেকে সাত মাস আগে দয়ামীর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে দিনের বেলা অস্থায়ী আশ্রয়ে এবং রাতে চকবাজারের বিভিন্ন দোকানের সামনে কাটছে মা-মেয়ে ও নবজাতকের অনিশ্চিত জীবন।
বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশার নির্দেশনায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় মা ও নবজাতককে ইছামতি সরকারি আশ্রয় প্রকল্পে আশ্রয় দেওয়া হয়। সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে নবজাতকের জন্য নতুন জামা ও গরম কাপড় দেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের সময় উপজেলা ইউনিয়ন সমাজকর্মী এস এম মশিউর রহমান মুছা, তাজপুর ইউনিয়নের সহকারী তহসিলদার মো. খলিলুর রহমান, ইউপি সদস্য এম রুম্মান আহমদ ও সেলিনা বেগম, হাবিবুর রহমান, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, সাংবাদিক নুরুল ইসলাম রেফুল এবং ব্যবসায়ী বুশায়ের আহমদ, মনসুর ও সাকির আদনান উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার বলেন, ‘বাবার পরিচয় অজানা হতে পারে, কিন্তু শিশুটির বেঁচে থাকার অধিকার রয়েছে। মা ও নিষ্পাপ শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত বলেন, ‘বিষয়টি তাকে কেউ আগে জানাননি। জানার পরপরই ঘটনাস্থলে লোক পাঠিয়ে নবজাতকের জন্য গরম কাপড়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সংশ্লিষ্টরা জানান, এর আগে গত ১২ এপ্রিল বিশ্বনাথে রাস্তার পাশ থেকে মা-বাবার পরিচয়হীন এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধারের পর তৎকালীন ইউএনওর উদ্যোগে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। ওসমানীনগরেও প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।