আধুনিকায়নের মাধ্যমে দ্বিগুণ হতে যাচ্ছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের বার্ষিক সক্ষমতা। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নে চলমান এই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে কেন্দ্রটিতে বার্ষিক মৎস্য অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্পটির নির্মাণকাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।
এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মৎস্য অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানি জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের (JDC–Konoike Joint Venture) ব্যবস্থাপক হাজুই ও ইকেদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল এবং প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর) সোয়েব সালেহীনসহ জাইকা ও বিএফডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে (সরকারি তহবিল ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা) বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদকাল ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে মৎস্য অবতরণ দ্বিগুণ হওয়ার পাশাপাশি বছরে বরফ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে এবং ট্রলার থেকে মাছ অবতরণের অপেক্ষাকাল প্রায় দুই ঘণ্টা কমবে।