সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই এবং সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যোগ্যতা, দক্ষতা ও নীতিমালার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অধিবেশন চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগের প্রক্রিয়া, মানদণ্ড এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন।
এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে সংস্কার ও সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে সরকার তার দেওয়া প্রতিশ্রুতিতে সম্পূর্ণ অটল রয়েছে। এমডি নিয়োগের মানদণ্ড প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পছন্দে নয়, বরং কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নীতিমালা ও ফিট অ্যান্ড প্রপার টেস্টের (যোগ্যতা ও উপযুক্ততা যাচাই) ভিত্তিতেই ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরো জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং খাতের নিয়োগ ও পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, যাতে যোগ্য ও অভিজ্ঞ ব্যাংকাররাই শীর্ষ পদগুলোতে আসতে পারেন এবং ব্যাংকিং খাতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংক্রান্ত বিষয়েও সরকারের সংস্কার কার্যক্রম ও অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংসদে উল্লেখ করেন অর্থমন্ত্রী।