হোম > জাতীয়

কন্যাশিশুর সুরক্ষায় উদ্বেগ কাটেনি, কমানো যায়নি বাল্যবিয়ের হার

বাল্যবিয়ে নিরোধ দিবস আজ

এমরানা আহমেদ

বাংলাদেশ বাল্যবিবাহ কমানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সূচকে কিছু উন্নতি থাকলেও এ হার কমার গতি এখনো ধীর। বিশেষ করে ১৫-১৯ বছর বয়সি কিশোরীদের বিষয়ে এ সংক্রান্ত পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্যানুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সি নারীদের মধ্যে ৪৭.২ শতাংশের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম বিয়ে হয়েছে। প্রতি ১০০ জন ১৫-১৯ বছর বয়সি মেয়ের মধ্যে প্রায় ৩৯ জন বর্তমানে বিবাহিত।

২০১৯ সালে এ হার ছিল ৫১.৪ শতাংশ। বিশেষ উদ্বেগের বিষয় হলো, বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরীর হার একই সময়ে ৩২.৯ শতাংশ থেকে বেড়ে ৩৮.৯ শতাংশ হয়েছে। এই হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

আজ ২৭ নভেম্বরকে ‘আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ’ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। ৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ২৭ নভেম্বরকে এই দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রতিশ্রুতি রক্ষা : ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধে পদক্ষেপ জোরদার করা’।

প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বাল্যবিবাহ নির্মূলের লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫ নম্বর লক্ষ্য লিঙ্গসমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আওতায় বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়েসহ শিশুদের জন্য ক্ষতিকর সব ধরনের প্রথা বন্ধের কথা বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাল্যবিবাহের ক্ষেত্রে উচ্চহারের জেলাগুলো হলো—জয়পুরহাট ৭৩.৩ শতাংশ, চুয়াডাঙ্গা ৬৭.৯ শতাংশ, ভোলা ৬৫ শতাংশ, সিরাজগঞ্জ ৬৩.১ শতাংশ, কুষ্টিয়া ৬২.৯ শতাংশ, যশোর ৬২.৩ শতাংশ, টাঙ্গাইল ৬১.১ শতাংশ এবং মাগুরা ৬১.১ শতাংশ। (সূত্র-বিবিএস, এমআইসিএস ২০২৬)

ইউনিসেফ বলছে, বাল্যবিবাহের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। পাশাপাশি অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি তৈরি হয়। এতে তাদের শারীরিক সুস্থতা ও ব্যক্তিগত বিকাশ বাধাগ্রস্ত হয় এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলে অঙ্গীকারবদ্ধ। একইভাবে, এসডিজি ১৬.৯-এ ২০৩০ সালের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে, যার অন্যতম ভিত্তি জন্মনিবন্ধন। সব শিশুর অধিকার সুরক্ষার আন্তর্জাতিক চুক্তি, জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি) প্রতিপালনেও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি, জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ নিবন্ধন গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখতে পারে।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ন্যাশনাল কোঅর্ডিনেটর সৈয়দা আহসানা জামান আমার দেশকে বলেন, কতজন কন্যাশিশু বাল্যবিবাহের শিকার—শতকরা হারের পাশাপাশি মোট কন্যাশিশুর সংখ্যা জানার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তবে এমআইসিএসের এই হার থেকে সরাসরি বর্তমানে বাল্যবিবাহের শিকার কন্যাশিশুর মোট সংখ্যা নির্ণয় করা যায় না। এর জন্য বয়সভিত্তিক জনসংখ্যা ও বিবাহের তথ্য একত্রে বিশ্লেষণ করা প্রয়োজন।

সরকারের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক আন্দোলন এই হার কমাতে কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে হারের দিক থেকে সামান্য উন্নতি হলেও সামগ্রিক চিত্রের তেমন বড় কোনো পরিবর্তন ঘটেনি।

তিনি আরো বলেন, বাল্যবিয়ে শুধু ক্ষতিকর প্রথাই নয়, এটি শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা। এটি মেয়েদের শিক্ষা ও মর্যাদা কেড়ে নেয় এবং জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

গত ২৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে।

সভায় বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে। কিন্তু কোনো আইন তখনই মেয়েদের সুরক্ষা দিতে পারে, যখন তারা সে আইন সম্পর্কে জানবে এবং বিচারব্যবস্থা তাদের জন্য সহজলভ্য হবে ও পুরোপুরি জবাবদিহির আওতায় থাকবে।’

তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবধূদের বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে। পাশাপাশি, মেয়েদের শিক্ষা সম্পন্ন করতে এবং বাল্যবধূ ও মা হয়ে যাওয়ার পরিবর্তে নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াবে।

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্মনিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।

ডেঙ্গুতে মৃত্যুহীন একদিন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটালেন তারেক রহমান

৮২ হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

কৃষক পাবেন ১০২ কোটি টাকার সহায়তা

পুরোনো সতীর্থদের সঙ্গে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়কের পুনর্মিলন

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত: স্পিকার

ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার