হোম > জাতীয়

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিআইপির সেমিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার

ব্যাটারি চালিত তিন চাকার যান একেবারে তুলে না দিয়ে নীতিমালা করে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় আনা জরুরি। পাশাপাশি যন্ত্রাংশের আমদানি, সংশ্লিষ্ট কারখানা ও চার্জিং পয়েন্ট নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল্প পরিবহন ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করা দরকার। তিনি নীতিমালা ও পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি পরিবহন খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়ন প্রয়োজন। কেননা, নগরের দীর্ঘমেয়াদি পরিবহন সমস্যার সমাধানে শক্তিশালী গণপরিবহনের কোনো বিকল্প নেই।

গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) কনফারেন্স হলরুমে ‘ব্যাটারি চালিত তিন চাকার যান এবং টেকসই গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিআইপি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ব্যাটারি চালিত তিন চাকার যানসহ স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য জনবান্ধব পরিবহন পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। এগুলো হঠাৎ করে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে এবং নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ব্যাটারি চালিত যানবাহনের চলাচলের নির্দিষ্ট পথ, কর প্রদানসহ বিভিন্ন বিষয় নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ এবং ব্যাটারি চালিত তিন চাকার যান নিয়ে এমন একটি নীতিমালা প্রণয়ন করতে চায়, যাতে সংশ্লিষ্ট সবাই পরিবহনসংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান ও পরিকল্পনাবিদ তাহসিন রেজা। মোসলেহ উদ্দীন হাসান বলেন, ব্যাটারি চালিত তিন চাকার যানকে প্রচলিত রিকশার সঙ্গে এক করে না দেখে এর গতি, চলাচলের ধরন ও সড়কে চলাচলের ভিত্তিতে যান হিসেবে বিবেচনা ও ব্যবস্থাপনা করা প্রয়োজন। নগরের দীর্ঘমেয়াদি পরিবহন সমস্যার সমাধানে শক্তিশালী গণপরিবহনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঢাকায় কার্যকর ব্যবস্থা থাকলে গণপরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করা সম্ভব হতো।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান বলেন, সরকার বাস সংখ্যা বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীবান্ধব ও বৈদ্যুতিক বাস চালু এবং মেট্রো স্টেশনকেন্দ্রিক সাইকেল ব্যবহারের সুযোগ তৈরিতে কাজ করছে।

বিআইপি সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, পরিকল্পনাবিদরা মূলত পরিকল্পনা ও প্রস্তাবনা প্রদান করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেন নীতিনির্ধারকেরা। অনেক ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয়ে বড় প্রকল্প গ্রহণ করা হলেও যথাযথ পরিকল্পনা করা হলে তুলনামূলক কম ব্যয়ে ছোট প্রকল্পের মাধ্যমেও কার্যকর উন্নয়ন সম্ভব।

বিআইপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. আখতার মাহমুদ বলেন, ২০১৪ সালের তুলনায় বর্তমানে গণপরিবহন ব্যবহারের হার ৬১ শতাংশ কমেছে এবং এর সঙ্গে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন সমস্যা বাড়ছে। অনেক দুর্ঘটনা ঘটলেও সবগুলো রেকর্ডভুক্ত হয় না। মহাসড়কসহ বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত তিন চাকার যানের বিস্তার নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বিআইপির উপদেষ্টা পরিষদ আহ্বায়ক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, সব ব্যাটারি চালিত রিকশাকে লাইসেন্সের আওতায় এনে যোগ্যতা নির্ধারণের পাশাপাশি প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনকে সমানভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

বিআইপির সহ-সভাপতি শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, ব্যাটারি চালিত তিন চাকার যানের জন্য জন্য নির্দিষ্ট মানদণ্ড প্রণয়ন করা যেতে পারে। দেশে বিদ্যমান বিভিন্ন নীতিমালা বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। তিনি নীতিমালা ও পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি পরিবহন খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে পরিকল্পনাবিদদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ঢাকা-তেজগাঁও) রফিকুল ইসলাম বলেন, বিপুলসংখ্যক ব্যাটারি চালিত তিন চাকার যান সড়কে ছড়িয়ে পড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন, সরবরাহ ও চার্জিং নিয়ন্ত্রণ না করে শুধু ট্রাফিক পুলিশের মাধ্যমে এসব যান নিয়ন্ত্রণ করা কঠিন।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষক অধ্যাপক ড. এস. এম. সোহেল মাহমুদ বলেন, মালিক, চালক, মেকানিক ও তাদের পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক মানুষ এ খাতের সঙ্গে যুক্ত থাকায় অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা অনেকাংশে এসব যানবাহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যথাযথ নীতি ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব যান নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি যন্ত্রাংশের আমদানি, সংশ্লিষ্ট কারখানা ও চার্জিং পয়েন্ট নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল্প পরিবহন ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিবহন বিশেষজ্ঞ সৈয়দ ওয়ালিউল্লাহ বলেন, ব্যাটারি চালিত তিন চাকার যান বর্তমানে ঢাকার প্রায় পুরো নগর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নগর পরিবহন ব্যবস্থার কাঙ্ক্ষিত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঢাকায় কার্যকর গণপরিবহনের কোনো বিকল্প নেই। মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা গেলে মানুষ স্বাভাবিকভাবেই উন্নত বিকল্প পরিবহনের দিকে যাবে।

বিআইপির সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর আহমেদ তারিকুল ওমর, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান, বিআইপির যুগ্ম সম্পাদক কাজী সালমান হোসেন প্রমুখ।

এআরবি

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা

মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়: প্রবাসী কল্যাণ সচিব

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ আনিসুল হকের